২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ী খুন, সড়ক অবরোধ

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

নারায়ণগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের মুরাদপুর সড়কের পাশ থেকে সেলিম সুলতান মাসুদ (২২) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। নিহতের বড় ভাই ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ব্যবসায়ী দ্বন্দ্বের জের ধরে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি জানান, ২০০৮ সালে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে তার বাবা শাহাজাহান মিয়া সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সে সময় সেলিম সুলতান মাসুদও গুলিবিদ্ধ হয়েছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, সেলিম সুলতান মাসুদ কম্পিউটার ব্যবসায়ী। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের চিটাগাং সড়ক থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সকালে তার লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে কয়েক হাজার মানুষ লাঠিসোটা নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ হত্যাকাণ্ডের জন্য ওই এলাকার ব্যবসায়ী সুরুজ মিয়াকে গ্রেপ্তারের দাবি জানায় তারা। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী গ্রেপ্তারের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৭০৬ ঘ.