ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলার আশঙ্কায় দেশে ফিরেও নিজের বাসায় যেতে পারছেন না লন্ডন প্রবাসী এক আইনজীবী। রাজধানীতে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা চেয়েছেন তিনি।
শরিফুল ইসলাম নামের ওই প্রবাসী শুক্রবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, উত্তর বাড্ডার হাজিপাড়ায় তাদের নিজস্ব তিনতলা বাড়িতে তার বাবা রফিকুল ইসলাম ও মা শামীমা আলম বানু থাকেন। তারা দুই ভাই থাকেন লন্ডনে।
গত ৯ জুন স্থানীয় জাহাঙ্গীর মেম্বর ও লুৎফর রহমানের নেতৃত্বে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রধান ফটকে তারা গুলিবর্ষণ করে।
এ ঘটনার পরদিন বাড্ডা থানায় একটি মামলা হয় বলে শরিফুল জানান।
প্রবাসী এই আইনজীবী বলেন, বাড়িতে সন্ত্রাসী হামলার খবর পেয়ে তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন। কিন্তু সন্ত্রাসী হামলার ভয়ে নিজেদের বাড়িতে যেতে পারছেন না। বড় বোন শাহনাজ বেগমের উত্তরার বাসায় থাকছেন।
ওই বাড়ির সামনে মাদক বেচাকেনা চলে উল্লেখ করে তিনি বলেন, ওই বাড়ি ও তাদের ১৩ কাঠা জমি দখলের জন্য সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে।
অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে সহযোগিতা চান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৬৩৭ ঘ.
bdnews24