২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের আশ্রয় দিতে বিএনপির আহ্বান

সহিংসতার কারণে মিয়ানমার ছেড়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য সরকারের আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতার কারণে মিয়ানমার ছেড়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য সরকারের আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপি মানবতার পক্ষে। যখন কোনো গোষ্ঠী ও সম্প্রদায় অন্য কারো দ্বারা নির্যাতিত কিংবা আক্রান্ত হয়, তখন তাদের সহযোগিতা করা মানবতার ধর্ম। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যে ভাষায় কথা বলেছেন, তাতে মানবতার কোনো গন্ধ পাইনি।” “আমরা আশা করব, সরকার মানবিক দিক বিবেচনা করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ বিষয়টির সমাধান করবেন। প্রয়োজনে সরকারের এ বিষয়টি নিয়ে বিরোধী দলসহ সবার সঙ্গেও আলোচনা করা উচিৎ।” বৃহস্পতিবার সংসদে এক বিবৃতিতে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার আহবান আবারও প্রত্যাখ্যান করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। কোনো আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক আইন, কনভেনশন এবং আন্তর্জাতিক প্রথাগত আইনে বাংলাদেশ অনুস্বাক্ষর করেনি উল্লেখ করে তিনি বলেন, “রোহিঙ্গাদের আশ্রয় দিতে আমাদের কোনো দায়বদ্ধতা নেই।” “আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা থাকা না সত্ত্বেও মানবিক কারণে আমরা তাদের এদেশে থাকতে দিচ্ছি। সীমান্ত খুলে দিতে আমরা বাধ্য নই,” যোগ করেন দীপু মনি। দাঙ্গার কারণে মিয়ানমার ছেড়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত অনুরোধের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক করতে মিয়ানমারকে চাপ দিতে তাদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। কারামুক্তির পরও উত্তরার বাসায় শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলার সময় এ বিষয়ে দলের প্রতিক্রিয়া জানতে চাইলে ফখরুল বলেন, “আমরা গরীব দেশ হতে পারি, তারপরও আমরা মানুষ। মানুষের দুর্ভোগের সময় আমরা পাশে থাকি। তাই সরকারকে বলব, রোহিঙ্গার বিষয়টি কূটনৈতিক আলোচনা মাধ্যমে সমাধান করুন।” “পত্রিকায় দেখলাম, নৌকায় একটি রোহিঙ্গা পরিবার দুই হাত জোড়া করে আশ্রয় চাচ্ছেন। তখন মানবতা সামনে এসে যায়। তাই বিষয়টি মানবতার দিক বিবেচনায় আনতেই হবে”, যোগ করেন তিনি। সম্প্রতি রাখাইন প্রদেশে দাঙ্গার পর রোহিঙ্গারা পুনরায় বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এর দুই দশক আগে মিয়ানমারের সামরিক সরকারের দমন-পীড়নের মুখে বাংলাদেশে ঢোকে অন্তত সাড়ে ৪ লাখ রোহিঙ্গা, যে শরণার্থীদের চাপ সামলাতে হচ্ছে বাংলাদেশকে। ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে মিয়ানমারে দমন-পীড়নের মুখে বাংলদেশে আসা রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানান ফখরুল। রোহিঙ্গাদের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার ব্যাপারে সংসদে দীপু মনির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, “যা কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টা ব্যাটাই চোর। তাই সরকারের মন্ত্রীরাও এ রকম কথা বলে যাচ্ছেন।” পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের কয়েকটি দলের সশস্ত্র তৎপরতা রয়েছে। তাতে জামায়াতে ইসলামীর ইন্ধন রয়েছে। গত শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে রাখাইন-রোহিঙ্গা দাঙ্গা শুরুর পর বাংলাদেশে ঢুকতে রোহিঙ্গাদের চেষ্টা প্রতিহত করতে জোর তৎপরতা চালাচ্ছে বিজিবি ও কোস্টগার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬০০ ঘ.