২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পমন্ত্রীকে বিশ্বাস করেন না অর্থমন্ত্রী: অলি

শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিশ্বাস নেই মন্তব্য করে অলি আহমদ বলেছেন, এ কারণে বাজেটে শিল্প মন্ত্রণালয়ে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিশ্বাস নেই মন্তব্য করে অলি আহমদ বলেছেন, এ কারণে বাজেটে শিল্প মন্ত্রণালয়ে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে একথা বলে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। তিনি বলেন, “প্রস্তাবিত বাজেটে শিল্প মন্ত্রণালয়ে সবচেয়ে কম বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী শিল্পমন্ত্রীকে বিশ্বাস করেন না বলে এ মন্ত্রণালয়ে বরাদ্দ কম।” গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে ২০১২-১৩ অর্থবছরের জন্য ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। বাজেটে শিল্প মন্ত্রণালয়ের জন্য এক হাজার আটশ’ ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। আগের বছরের সংশোধিত বাজেটে এ মন্ত্রণালয়ে বরাদ্দ ছিলো আটশ’ ৮৬ কোটি টাকা। বাজেট সম্পর্কে অলি আহমদ বলেন, “প্রস্তাবিত বাজেট সরকারের সবচেয়ে বড় বাজেট। এ বাজেট কাল্পনিক ও স্বপ্নজগতের বাজেট।” “এ বাজেটের মাধ্যমে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। এ বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না।” সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, উত্তর জেলার সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক এম এম নিজাম উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২১২০ ঘ.