দিনাজপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার ছাত্রকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক প্রফেসর ড. বলরাম রায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ছাত্রদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এনিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।
কমিটির রিপোর্টের আলোকে কম্পিউটার এন্ড সায়েন্স অনুষদের অনিন্দ্য দত্তকে ৪ সেমিস্টারের জন্য বহিস্কার এবং ৫ হাজার টাকা জরিমানা, কৃষি অনুষদের রায়হানুল নবী সাব্বির ও মৎস বিজ্ঞান অনুষদের মো. রতন আহমেদকে ৩ সেমিস্টার এবং ভেটেরিনারি অনুষদের নাহিদ হোসেন বাঁধনকে এক সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়েছে।
এছাড়া চারজনকেই আবাসিক হল থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে বলে জানান নিবন্ধক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৫৮ ঘ.
bdnews24