২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধন বিল পাস

মানবতা বিরোধী অপরাধের মামলা এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে স্থানান্তরের বিধান রেখে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধনী) বিল-২০১২ পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতা বিরোধী অপরাধের মামলা এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে স্থানান্তরের বিধান রেখে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধনী) বিল-২০১২ পাস হয়েছে। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির ওপর আনীত জনমত যাচাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। আইনমন্ত্রী বিলের স্পষ্টীকরণ বিষয়ক স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের সংশোধনী প্রস্তাবগুলো গ্রহণ করেন। বিল পাসের প্রক্রিয়ায় জনমত যাচাইয়ের ওপর কথা বলতে গিয়ে ফজলুল আজিম মানবতা বিরোধী অপরাধ বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে শঙ্কা রয়েছে উল্লেখ করে বলেন, “এই বিচার সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। অন্যথায় জাতির জীবনে আরেকটি কালো অধ্যায় সৃষ্টি হবে।” ফজুলল আজিম আরো বলেন, স্বাধীনতার ৪০ বছর পর এখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ’৭২- ’৭৫ এবং ’৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো। তখন কেন এই বিচার হয়নি- সেটা মানুষের কাছে বড় প্রশ্ন। মানুষ মনে করছে, এখন যে বিচার হচ্ছে তা রাজনৈতিক প্রভাবদুষ্ট ও পক্ষপাতিত্বমূলক। স্বতন্ত্র এই সাংসদের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। এই বিচার আন্তর্জাতিক মানেরই হচ্ছে। যথাসময়েই সুষ্ঠু ও নিরক্ষেভাবে এ বিচার সম্পন্ন হবে। এরপর, বিলের ওপর সংশোধনীতে বক্তব্য দিতে গিয়ে ফজলুল আজিম বলেন, এ বিচার যদি আন্তর্জাতিক মনেরই হচ্ছে, তাহলে একজন আসামী বিদেশ থেকে আইনজীবী আনতে চেয়েছিলেন। কিন্তু তা দেওয়া হয়নি। এর জবাবে মন্ত্রী বলেন, “কেউ চাইলেই এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ওকালতি করতে পারে না। বাংলাদেশে কোনো মক্কেলের পক্ষে ওকালতি করতে হলে বার কাউন্সিলের মাধ্যমে আসতে হয়।” শফিক আহমেদ বলেন, এটা মানবতা বিরোধী আইনের ছোট্ট একটি সংশোধনী। এর মাধ্যমে একটি ট্র্যাইব্যুানাল থেকে অন্যটিতে মামলা স্থানান্তরের বিধান করা হচ্ছে। এতে বিচারের মানদ-ের কোনো ক্ষতি হবে না। বিচারের স্বচ্ছতা বিনষ্ট হবে না। তিনি বলেন, “স্বীকার করছি মানবতা বিরোধী অপরাধের বিচার আগে হওয়া উচিত ছিলো। কিন্তু, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছিলেন। অনেক যুদ্ধাপরাধী কারাগারে আটক ছিল। জিন্তু জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়েছিলেন।” এ প্রসঙ্গে আইনমন্ত্রী আরো বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল জিয়াউর রহমান তাদের বিচার চাননি বলেই বঙ্গবন্ধুকে হত্যার পর দালাল আইনে গ্রেপ্তারকৃতদের তিনি ছেড়ে দিয়েছিলেন। যারা যুদ্ধাপরাধের সঙ্গে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল জিয়াউর রহমান তাদের নিয়ে ক্ষমতায় বসেছিলেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে শফিক আহমেদ বলেন, যুদ্ধাপরাধসহ মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত বিচারকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে গত ২২ মার্চ আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। কিন্তু ওই অ্যাক্টে এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর সংক্রান্ত কোন বিধান নেই। দুটি ট্রাইব্যুনালের কাজে ভারসাম্য আনাসহ বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধনী) অ্যাক্ট ২০১০ সংশোধন করা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৪৯ ঘ.