বেনাপোল, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘চোরাচালানের সংবাদ প্রকাশ করায়’ বেনাপোলে এক সাংবাদিককে পিটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বেনাপোল বাজারে এ হামলায় আহত এম এ রহিম দৈনিক ডেসটিনি’র স্থানীয় সংবাদদাতা।
তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোলের ধান্যখোলা সীমান্ত পথে ভারত থেকে অস্ত্র ও বিভিন্ন পণ্য এদেশে ঢুকছে বলে সংবাদ প্রকাশিত হয় যশোরের স্থানীয় কয়েকটি পত্রিকায়।
তিনি বলেন, এর জেরে সকাল ১০টার দিকে বাহাদুরপুর এলাকার ২০/২৫ জন চিহ্নিত সন্ত্রাসী রহিমের দোকানে এসে লাঠিসোটা দিয়ে মারধর করে তাকে তুলে নিয়ে যায়।
পরে বেনাপোল বাজারে এসে দ্বিতীয় দফায় আবারো মারধর করে রাস্তায় ফেলে চলে যায়।
বেনাপোল পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় কেউ মামলা করেনি। মামলা হলে অবশ্যই ব্যবস্থা নেব। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
সাংবাদিকদের প্রতিবাদ
এ হামলার প্রতিবাদে বেনাপোল ও শার্শার সাংবাদিকরা বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সমাবেশে বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
শার্শা প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.
bdnews24