ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ভবনে গুলির ঘটনায় গ্রেপ্তার আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
শাহবাগ থানার এসআই এমএ জলিল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সড়ক ও জনপথ বিভাগের কর্মী আজাদকে হাজির করে সাতদিনের হেফাজত চাইলে বিচারক দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।
এ সময় জামিন চেয়ে আজাদের পক্ষে করা আবেদন খারিজ করে দেন মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে তেজগাঁও এলাকা থেকে আজাদকে গ্রেপ্তার করা হয় বলে শাহবাগ থানা পুলিশ জানায়।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সড়ক ভবনে গুলির ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ।
দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে দরপত্র পেতে আধিপত্য বিস্তারের জেরে মঙ্গলবার বিকালে ক্ষমতাসীন দলের সমর্থক দুটি পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।
ওই ঘটনায় আবুল কালাম আজাদসহ চারজনের নাম উল্লেখ করে ২০-২৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন গোলাম আযম মামুন নামের এক ঠিকাদার।
মামলার অন্য আসামিরা হলেন- সড়ক ভবনের সিবিএ নেতা কামাল উদ্দিন, ফজলুর রহমান ও রফিকুল ইসলাম।
গুলিতে আহত শামীম শাহরিয়ারের সহযোগী ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী তৌহিদ জানান, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মধ্যে সড়ক ভবনের কয়েকটি টেন্ডার নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে ১০ দিন আগে শাহবাগ থানায় একটি মামলাও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/১৯৩৫ ঘ.
bdnews24