ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতার ও টেলিভিশনে শুদ্ধ ভাষা চর্চার ওপর জোর দিয়ে বাংলার সঙ্গে ইংরেজির মিশেল না ঘটানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
মঙ্গলবার বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভির (গাজী টিভি) আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
কোনো কোনো বেতার ও টেলিভিশনে বাংলা-ইংরেজির মিশ্র ব্যবহার লক্ষ্য করে এতে হতাশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ভাষা ব্যবহারের এ প্রবণতা দূর করতে সর্বক্ষেত্রে প্রমিত বাংলা ভাষার চর্চা করতে হবে।
তিনি বলেন, “বেতার ও টেলিভিশন সূচনালগ্ন থেকেই শুদ্ধ বাংলা ভাষা চর্চা ও বিকাশের অন্যতম প্রতিষ্ঠান। প্রমিত উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি ও নান্দনিক উপস্থাপনা ছিল সকলের কাছে অনুসরণীয় ও অনুকরণীয়। কিন্তু আজকাল বেতার ও টিভি অনেকাংশে ভাষার সেই মান ধরে রাখতে পারছে না।”
“কোনো কোনো বেতার বা টিভিতে বাংলা ইংরেজি মিশিয়ে এক ধরনের মিশ্র ভাষার ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। যা বাংলা ভাষার চিরন্তন সৌন্দর্য, নান্দনিকতা ও প্রমিত রূপকে ক্ষুন্ন করছে। বাংলা ভাষার বিকাশে এটি একটি অন্যতম অন্তরায় বলে আমি মনে করি,” বলেন রাষ্ট্রপতি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জি টিভির উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলে জিল্লুর রহমান।
তিনি বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। বর্তমানে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।”
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদও বলেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫টি স্যাটেলাইট টেলিভিশন, ১৪টি কমিউনিটি রেডিও এবং সাতটি এফএফ রেডিও স¤প্রচারের অনুমতি দিয়েছে বলে তথ্যমন্ত্রী জানান।
বর্তমান সরকারের আমলে অনুমোদন দেওয়া টিভি চ্যানেলগুলোর মধ্যে এই পর্যন্ত সর্বশেষ স¤প্রচারে এল জি টিভি। এর চেয়ারম্যান হিসেবে রয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
বর্তমান সরকারের আমলে সম্প্রচার শুরু করাএবং অনুমোদন পাওয়া সবগুলো চ্যানেলের মালিকানার সঙ্গেই জড়িত রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী ও রাজনীতিবিদরা।
এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অনুমোদন পাওয়া টেলিভিশন চ্যানেলের মালিকানায়ও ছিলেন ওই সময়ে বিএনপি-জামায়াত সমর্থক ব্যবসায়ী ও রাজনীতিবিদরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২৩০৫ ঘ.
bdnews24