২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায় ওমর ফারুককে জেরা

দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুই মামলায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুই মামলায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বেলা সোয়া ১২টা থেকে বিকাল ৫টা তাকে জেরা করেন ওই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ তিন আসামির আইনজীবী। জেরা শেষে আদালত বুধবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করেন। শুরুতেই বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার জেরা করেন ওমর ফারুককে। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনায় গঠিত সরকারি তদন্ত দলের প্রধান সাবেক সচিব ওমর ফারুক গত ২৪ মে আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন। ওইদিন দেওয়া সাক্ষ্যে ওমর ফারুক বলেছিলেন, প্রতিবেদন তৈরির সময় তদন্তে পাওয়া বিভিন্ন বিষয় ও এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে লুৎফুজ্জামান বাবরকে জানালে তা অন্তর্ভুক্ত করতে দেননি তিনি। বিষয়টি উল্লেখ করে আসামির আইনজীবী প্রশ্ন করেন, এই মামলায় ২০০৯ সালের ৩ অক্টোবর ও ২০১০ সালের ৮ মার্চ ১৬১ ধারায় দেওয়া দুটি জবানবন্দিতে এসব কথা বলেননি সাবেক সচিব। তখন ওমর ফারুক বলেন, “এটা সত্য নয়।” এরপর এনএসআই’র সাবেক প্রধান আবদুর রহিমের আইনজীবী মোহাম্মদ আহসান ও সিইউএফএল’র সাবেক এমডি মোহসিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম ভূইয়াও সাক্ষীকে জেরা করেন। জেরার আগে সকালে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর, এনএসআই’র সাবেক দুই প্রধান আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, চোরাচালানি হাফিজুর রহমান ও দিন মোহাম্মদকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। অসুস্থ থাকায় গ্রেপ্তার অপর আসামি সিইউএফএল’র সাবেক জিএম এনামুল হককে আদালতে হাজির করা হয়নি। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা হয়। ‘জেরা জেরার মতোই হোক’ ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষীদের জেরা ‘জেরার মতো’ হতে দিতে বললেন আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে জেরা শুরুর পর আাদলত মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিনকে উদ্দেশ্য করে বাবর বলেন, “জেরা জেরার মত হোক। জেরা সময় নিয়ে করা হোক। সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করুন।” এর উত্তরে কামালউদ্দিন কাঠগড়ায় থাকা অন্য আসামিদের ইঙ্গিত করে বলেন, “আপনার সঙ্গী সাথীরা তো কষ্ট পাচ্ছেন।” উত্তরে বাবর বলেন, “কেউ কষ্ট পাচ্ছে না। সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করুন।” এর উত্তরে মহানগর পিপি কামাল বাবরকে ধন্যবাদ দিয়ে চলে যান। বাবরের আইনজীবী আবদুস সোবহান সাবেক সচিব ওমর ফারুককে জেরার সময় পিপি কামাল উদ্দিন আদালতে অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবীরা দীর্ঘ জেরা করে সময়ক্ষেপণ করছেন। এতে সাক্ষী ও আসামিরা দীর্ঘক্ষণ কাঠগড়ায় দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন। এ বক্তব্যের পর উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/২১৫৫ ঘ.