২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে ফের আন্দোলন

বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয়বারের মতো আন্দোলনে নেমেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয়বারের মতো আন্দোলনে নেমেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি। শিক্ষকদের দাবি বিবেচনা করবেন-প্রধানমন্ত্রীর এমন আশ্বাসের এক মাস পার হয়ে যাওয়ার পর মঙ্গলবার বুয়েট ক্যাম্পাসে এক মানববন্ধন থেকে শিক্ষকরা এ দুজনের আবারো পদত্যাগ দাবি করেন। মানববন্ধনে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রেক্ষিতে শিক্ষক সমিতির অবিরাম কর্মবিরতি প্রত্যাহার করার পরও সমিতি উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।” “তাই আমরা এখনো উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি থেকে সরে আসিনি” উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপ-উপাচার্য এম হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে এর আগে দুইবার কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেছিলেন তারা। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে তখন কর্মবিরতি-কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল বলে উল্লেখ করেন মুজিবুর রহমান। পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্য ও উপ-উপাচার্যের প্রতি অনাস্থার অংশ হিসেবে তাদের উপস্থিতিতে নবীন বরণ, বিদায় সংবর্ধনা, খেলা, উদ্বোধন, ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স, বিভাগীয় সংসদ প্রভৃতি অনুষ্ঠানে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান সভাপতি মুজিবুর। এছাড়া পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষক সমিতির কর্মসূচি হিসেবে প্রতি সপ্তাহে একদিন মানববন্ধন, মৌনমিছিল বা অবস্থান কর্মসূচি পালনের ঘোষানা দেন তিনি। গত ৭ এপ্রিল থেকে বুয়েটের শিক্ষক সমিতি উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে প্রধানমন্ত্রী শিক্ষকদের ডেকে তাদের দাবি বিবেচনা করবেন এমন আশ্বাস দিলে শিক্ষক সমিতি তাদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে। এক মাসেও সমিতির দাবি পূর্ণ না হওয়ায় আবার এই আন্দোলনে নেমেছে বলে জানান শিক্ষকরা। মানববন্ধনে অন্যদের মধ্যে বুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমানসহ প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেয়। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০২ ঘ.