নোয়াখালী, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো সাতজন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালেহ আহমদ কবিরাজ (৫০), আনোয়ার হোসেন (২৪), নার্গিস বেগম (২১), ইয়াসিন (২৬) ও শাহাদাত।
ঘটনাস্থল থেকে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোয়াখালীর চৌমুহনী থেকে দুপুর ১টার দিকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী আহমদ কবিরাজ, আনোয়ার হোসেন ও নার্গিস বেগম নিহত হন। পরে হাসপাতালে মারা যান অটোরিকশা চালক শাহাদাত ও অপর যাত্রী ইয়াসিন।
আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবসাী চৌমুহনী-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিকাল ৪টার দিকে যান চলাচাল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৬১৭ ঘ.
bdnews24