২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিক অসন্তোষ

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সাভারের নরসিংহপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে পোশাক শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 05:55 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সাভার, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সাভারের নরসিংহপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে পোশাক শ্রমিকরা। ধামরাই থানার ওসি (তদন্ত) আব্দুল রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফা দফায় সংঘর্ষ হয়। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ৩০ জন শ্রমিক ও পথচারী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংঘর্ষের কারণে মঙ্গলবারও আশুলিয়া শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সড়ক অবরোধ ও সংঘর্ষের কারণে এই এলাকার অধিকাংশ কারখানায় সোমবারও কাজ বন্ধ থাকে। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, সাভারের বাংলাবাজার এলাকায় হা-মীম গ্রুপের প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের হাজার খানেক শ্রমিক মঙ্গলবার সকাল ৯টার দিকে নরসিংহপুর বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক পর্যায়ে আশেপাশের অন্য কারখানা থেকেও শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পুলিশের লাঠিপেটার জবাবে বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে নরসিংহপুর এলাকায় শিল্প পুলিশের উপ মহাপরিদর্শক আব্দুস সালামের গাড়ি ভাঙচুর করে শ্রমিকরা। এছাড়া জামগড়ার বটতলায় জিম লাইফ ক্লোদিং নামের একটি কারখানায় আগুন দেওয়ারও চেষ্টা হয়। তবে ফায়ার ব্রিগেড কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন বলে জানান ধামরাইয়ের ওসি আব্দুল রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শ্রমিকরা নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে জামগড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৫০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের ৩০টি শেল ছোড়া হয়েছে।” পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে ওই সড়কে আবার যান চলাচল শুরু হয় বলে জানান তিনি। সোমবারও একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ দেখায় কয়েক হাজার শ্রমিক। এ সময় তারা ২০-২৫টি গাড়ি ভাংচুর করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আশুলিয়া শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মীর ফুসিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের কারণে নরসিংহপুর, জামগড়া, বাইপাইল, জিরাবো, পুকুরপারসহ আশেপাশের এলাকার অর্ধতশাধিক কারখানায় সোমবার কাজ বন্ধ থাকে। মঙ্গলবার সকালে খুললেও সংঘর্ষ শুরুর পর অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের মালিকানাধীন আর্টিস্টিক প্যাকেজিং কারখানায় এক কর্মীকে গুমের গুজববে কেন্দ্র করে গত মে মাসেও টানা দুই দিন সভারে শ্রমিক-পুলিশ সংঘাত হয়। পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়িচাপায় নিহত হন এক নারী শ্রমিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪০ ঘ.