ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জজ আদালতের ফটকে বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে পেটানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাত পুলিশ সদস্যকে আসামি করে নরসিংদীর আদালতে একটি মামলাও হয়েছে।
অন্যদিকে ওই ঘটনায় নরসিংদীর পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।
ঘটনা তদন্তে পুলিশ ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি আলাদা কমিটিও করা হয়েছে।
রোববার সকালে নরসিংদী জজ আদালতের মূল ফটকে ওই বিচারককে পেটান কয়েকজন পুলিশ সদস্য। এরপর সোমবার এ নিয়ে পুলিশ প্রশাসন ও মন্ত্রণালয় পদক্ষেপ নেয়।
পাশাপাশি ঘটনাটি শুনে হাই কোর্ট এর ব্যাখ্যা দিতে তলব করে তিন পুলিশ কর্মকর্তাকে।
পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারককে পিটুনির ঘটনায় নায়েক মো. আব্দুস সালাম, নায়েক রুহুল আমীন ও কনস্টেবল কলিমউল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
“প্রাথমিকভাবে এই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে,” বলেন তিনি।
বিচারকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নরসিংদী জেলা আইনজীবী সমিতি সোমবার সকালে আদালত বর্জন করে। সমিতি কার্যালয়ে এক সভায় আইনজীবীরা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
পুলিশ কর্মকর্তাদের তলব
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে হাই কোর্টের বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ পুলিশ সুপারসহ তিন কর্মকর্তাকে তলব করে।
এই তিন পুলিশ কর্মকর্তা হলেন- নরসিংদীর পুলিশ সুপার, সদর থানার ওসি এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি। তাদের আগামী ২০ জুন হাই কোর্টে উপস্থিত হয়ে ওই ঘটনার বিষয়ে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
একইসঙ্গে ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না- দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নরসিংদীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সদর থানার ওসি ও জেলা ডিবি পুলিশের ওসিকে তার কারণ জানাতে বলেছে আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন শামীম দুপুরে এই রিট আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন সুপ্রিম আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম সাইফুদ্দিন।
তদন্তে কমিটি
ওই ঘটনা তদন্তে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোকলেসুর রহমানকে প্রধান করে একটি তদন্ত করেছে পুলিশ। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অন্যদিকে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে প্রধান করে এক সদস্যের আরেকটি কমিটি করা হয়েছে। ওই কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে আইন সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মামলা
নরসিংদী জেলা জজ আদালতের নাজির রাকিবুল হাসান সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে পুলিশের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল, নায়েক সালাম, নায়েক রুহুল আমীন, কনস্টেবল কলিমুল্লাহসহ অজ্ঞাত পরিচয় আরো চার জনকে এ মামলার আসামি করা হয়েছে।
হাকিম নিতাই চন্দ্র সাহা মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে ওই ঘটনার তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।
যা ঘটেছিল
রোববার নরসিংদী জেলা জজ আদালতে মেয়র লোকমান হত্যামামলার আসামিদের হাজিরের দিন ছিল। এজন্য আদালতে প্রবেশে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ি ব্যবস্থা আরোপ করে।
আদালতে প্রবেশের আগে মূল ফটকে সবাইকে তল্লাশি করা হয়। সকাল সোয়া ৯টার দিকে বিচারক ইমান আলী শেখ রিকশায় চড়ে আদালতের মূল ফটকের সামনে আসেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তার ব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি পরিচয় দেন।
পুলিশ পরিচয়পত্র দেখতে চাইলে বিচারক বিব্রতবোধ করেন। পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে পুলিশ জানায়। তখন কথাকাটাকাটির এক পর্যায়ে বিচারকের সঙ্গে পুলিশের তিন সদস্যের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এরপর পুলিশের কিলঘুষি ও হেলমেটের আঘাতে বিচারক ইমান আলী শেখ আহত হন।
ঘটনা সম্পর্কে বিচারক মো. ইমান আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যরা আমাকে আদালতে প্রবেশ করতে না দিয়ে তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে তারা আমাকে কিলঘুষি মারে এবং হেলমেট দিয়ে আঘাত করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিসি/জেকে/এএইচ/এমআই/২৩২৮ ঘ.
bdnews24