২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোষী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিচারকদের

নরসিংদী জজ আদালতের ফটকে বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে পেটানোর ঘটনার তীব্র নিন্দা ও দোষী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিচারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জজ আদালতের ফটকে বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে পেটানোর ঘটনার তীব্র নিন্দা ও দোষী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিচারকরা। সোমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস এসোসিয়েশনের এক প্রতিবাদ সভায় সরকারের কাছে এ দাবি জানানো হয়। ঢাকার জজ আদালতে জগান্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এ প্রতিবাদ সভায় বিভিন্ন বিচারক দোষী পুলিশদের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা দায়েরের প্রস্তাব করেন। সভায় সভাপতিত্ব করেন এসেসিয়েশনের সভাপতি এবং ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ। বক্তারা বলেন, “পুলিশদের বিরুদ্ধে নরসিংদীর আদালতে নালিশি মামলা হয়েছে। যে মামলা আমরা কখনোই প্রত্যাহার করবো না। যাদের বিচারকেদের নিরাপত্তা দেয়ার কথা তারাই নির্যাতন করেছে। বিচারক ইমান আলীর উপর এই হামলা বিচার বিভাগের উপরেই হামলা। তারা যত শক্তিশালী হোক না কেন তাদেরকে ক্ষমা করা হবে না। বিচারককে এভাবে আঘাত করলে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায়? সবাইকে বিষয়টি ভেবে দেখতে হবে।” সভায় এ অভিমত দেন ঢাকার বিভিন্ন আদালতের বিচারক রেজাউল ইসলাম, মোজাম্মেল হোসেন, বিকাশ কুমার সাহা, নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, তৈয়েবুল হাসান, আইন কর্মকর্তা মশিউর রহমান, ডেপুটি রেজিষ্ট্রার শাজাহান কবির সাজু এবং অন্যান্য বিচারক ও আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা। অবশ্য আইন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার বলেছেন, কোন সরকার আমলে নিয়োগ পাওয়া পুলিশ এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে হবে। তিনি ঘটনা তদন্তে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের আহ্বান জানান। এ সময় সভায় বিচারকদের আসন থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করে কয়েকজন বিচারক বলেন “আজকে যদি মাননীয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরির বেঞ্চ থাকতো তবে তাৎক্ষণিক কিছু একটা করা হতো।” পরে এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিচারকের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২৩১ ঘ.