চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা স¤প্রসারণের কাজে অর্থ আত্মসাতের ২২ মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী, ঠিকাদারসহ ৩৭ কর্মকর্তাকে জামিন দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
এছাড়া আদালতে হাজির হতে না পারায় এক প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
সোমবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।
আসামিদের আইনজীবী সানোয়ার হোসেন লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব মামলায় ৩৭ আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। নিম্ন আদালতেও তাদের এ জামিন বহাল থাকে।
তিনি জানান, মহানগর হাকিম আদালত থেকে মামলাগুলো জজ আদালতে স্থানান্তর হলে আসামিরা পুনরায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন।
এছাড়া অপর তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয় জানিয়ে লাভলু বলেন, আদালত মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ২৫ জুলাই।
নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নতুন ব্রিজ পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক স¤প্রসারণ ও উন্নয়নে আট কোটি টাকার কাজে ১ দশমিক আট কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে নগরীর চান্দগাঁও থানায় পৃথক ২২ টি মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা।
এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তৎকালীন প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদারসহ ৪৭ জনকে আসামি করা হয়। এদের অধিকাংশই সিডিএ’র প্রকৌশলী, ঠিকাদার ও কর্মচারী।
মামলায় রাস্তার স¤প্রসারণ কাজে ২২ টি পর্যায়ে দুর্নীতি হওয়ায় ২২ টি মামলা করা হয়।
এ বছরের ৩০ মে মহানগর হাকিম আদালতে দুদক কর্মকর্তারা ২২ মামলার পৃথক অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২১১ ঘ.
bdnews24