নরসিংদী,জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে অপহৃত দুই শিশুকে উদ্ধার এবং অপহরণে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে ইউনাইটেড মেঘনা চাঁদপুর (ইউএমসি) জুট মিল এলাকা থেকে পারভেজ রহমান প্রান্ত (৭) ও জিসান মিয়াকে (৫) অপহরণ করা হয়।
সোমবার নরসিংদী সদরের সৈকাদি এলাকার ভাই ভাই মৎস্য খামার থেকে তাদের উদ্ধার করা হয়।
এর আগে অপহরণকারী সন্দেহে ফারুক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের দিন রাতে প্রান্ত’র বাবা আনিসুর রহমান নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে সাদ্দাম নামে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মোবাইল ফোন থেকে আনিসুর রহমানের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ওসি আরো বলেন, মোবাইল ফোনের সূত্র ধরে ইউএমসি জুট মিলের পুরাতন কলোনি থেকে ভোরে সাদ্দামের খালাত ভাই ফারুককে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী এ দুই শিশুকে উদ্ধার করে পুলিশ। ‘অপহরণকারী’ সাদ্দাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পারভেজ রহমান প্রান্ত ইউএমসি জুট মিলের শ্রমিক মো. আনিসুর রহমানের এবং জিসান মিয়া একই এলাকার হোটেল ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24