ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মহাসড়কগুলো চার লেন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে যোগাযোগ ও রেল মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
রংপুর-১ আসনের সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সব জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হকের অপর এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে রেলওয়ের উন্নয়নমূলক কার্যক্রম ও লোকবল নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মচারীর অভাবে স্টেশন বন্ধ, ট্রেন বাতিলসহ রেল চলাচল স্থবির হয়ে পড়েছিলো।”
যাত্রীবাহী কোচ ও ইঞ্জিন স্বল্পতার কারণে বর্তমানে চলমান ট্রেনগুলোতে পর্যাপ্ত সংখ্যক যাত্রীবাহী কোচ সংযোজন সম্ভব হচ্ছে না বলেও জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এইচএ/১৮০৯ ঘ.
bdnews24