ভোলা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে।
ভোলা-চরফ্যাশন সড়কে রোববার দুপুরে এ দুর্ঘটনায় নিহত সোনিয়া (৭) সদরের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের কাছে একটি অটোরিকশা চাপা দেয় সোনিয়াকে। ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মজিবুল হক বলেন, পুলিশ অটোরিকশাটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮২০ ঘ.
bdnews24