গাজীপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে নির্মাণাধীন একটি ভারতীয় প্রসাধন সামগ্রীর কারখানায় একদল ডাকাত ভবনের নিরাপত্তাকর্মীকে শ্বাসরোধে হত্যা করেছে। তাদের হামলায় আহত হয়েছে আরো তিনজন।
শনিবার ভোররাতে সদর উপজেলার হাতিয়াব এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. ইউনুছ আলী (৪৫) সদর উপজেলার ভানুয়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- মিস্ত্রী লেবু মিয়া (৪০), সহকর্মী আসলাম (২২) ও ইব্রাহীম (২০)। তাদের বাড়ি জামালপুরে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, হাতিয়াব এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকাধীন ইমামী বাংলাদেশ লিমিটেড নামের প্রসাধন কারখানার নির্মাণ কাজ চলছে।
রাত আড়াইটার দিকে ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাত দল ওই কারখানায় হানা দেয়। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী ইউনুছ আলীসহ কয়েকজন বাধা দিলে তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে লেবু মিয়া, আসলাম ও ইব্রাহীম গুরুতর আহত হন।
অপর একটি কক্ষে ইউনুছ আলীকে রশি দিয়ে হাত-পা বেঁধে এবং মশারি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। এরপর তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল সেট, নগদ ১০ হাজার টাকা লুট করে ডাকাতরা পালিয়ে যায়।
আহতদের গাজীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাতিজা জহিরুল ইসলাম বলেন, “ইউনুছ গত দুই বছর ধরে ওই কারখানায় কাজ করছেন। ডাকাতদের বাধা দেওয়া এবং চিনে ফেলার কারণেই তাকে হত্যা করা হয়।”
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, এটা ডাকাতির ঘটনা নয়। পূর্ব শত্র“তার জের ধরেই ইউনুছকে খুন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
ইউনুছের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫০০ ঘ.
bdnews24