২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা: উন্মুক্ত পদ্ধতির পক্ষে জনগণকে ‘বোঝাবে’ সরকার

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে সচেতনতা সৃষ্টির পাশাপাশি এ ব্যাপরে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে সচেতনতা সৃষ্টির পাশাপাশি এ ব্যাপারে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা পূরণে বৃহস্পতিবার ২০১২-১৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নের পথ নকশায় তিনি এ কথা জানান। সরকার ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোাগ নিলেও স্থানীয় জনগণের আন্দোলনে তা আটকে যায়। বাজেট বক্তৃতায় মুহিত বলেন, “অর্থনৈতিক কর্মকা-ের সুষম উন্নয়নের জন্য জ্বালানির উৎস হিসেবে গ্যাসের তুলনায় কয়লার ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। দেশে কয়লার পর্যাপ্ত মজুদ থাকলেও কয়লা উত্তোলনের পদ্ধতি ও প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়ে উদ্বেগ রয়েছে। “তাই কয়লা উত্তোলন পদ্ধতি বিশেষ করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে গণসচেতনতা ও গণসম্পৃক্ততা গড়ে তোলা হবে।” পাশাপাশি কোনো কয়লাক্ষেত্র থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন অর্থনৈতিকভাবে লাভজনক বিবেচিত হলে ওই এলাকার বাসিন্দাদের মতামত গ্রহণ, তাদের বিকল্প বসবাস ও জীবিকার সংস্থান নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণ এবং এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ণের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, “অ-নবায়নযোগ্য জ্বালানির উৎসের মধ্যে বাংলাদেশে কয়লার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দেশের খনিতে পাওয়া কয়লা উচ্চ মানসম্পন্ন হওয়ায় বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হলে উৎপাদন ব্যয় হ্রাসের পাশাপাশি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে।” বিদেশ থেকে কয়লা আমদানির বিষয়ে মন্ত্রী বলেন, “কয়লা আমদানির মাধ্যমে দ্রুত জ্বালানি সমস্যা সমাধানের বিষয়েও বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হলে তাতে কয়লার চাহিদা বৃদ্ধি পাবে।” এ অবস্থায় সরকারের করণীয় সম্পর্কে পথনকশায় তিনি বলেন, কয়লানীতি দ্রুত চূড়ান্ত করে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কয়লা উত্তোলন পরিকল্পনা প্রণয়ন এবং কয়লা আমদানির বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করা হবে। দেশে এ পর্যন্ত পাওয়া পাঁচটি কয়লা খনিতে প্রায় তিন হাজার ৩০০ মিলিয়ন টন কয়লা মজুদ আছে বলে ধারণা করা হয়। এ পরিমাণ কয়লার তাপ উৎপাদন ক্ষমতা ৮৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সমান। এর মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে ৩৯০ মিলিয়ন টন, ফুলবাড়ীতে ৫৭২ মিলিয়ন টন, দীঘিপাড়ায় ৬০০ মিলিয়ন টন; জয়পুরহাটের জামালগঞ্জে এক হাজার ৫৩ মিলিয়ন টন এবং রংপুরের খালসপীরে ৬৮৫ মিলিয়ন টন মজুদ রয়েছে। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ভূ-গর্ভস্থ পদ্ধতিতে দৈনিক প্রায় তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হচ্ছে। এর বেশিরভাগটাই ব্যবহৃত হচ্ছে সেখানকার তাপভিত্তিক ২৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১২১৫ ঘ.