ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ বরাদ্দ চলতি অর্থবছরের বরাদ্দের তুলনায় এক কোটি টাকা বেশি।
২০১১-১২ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ ছিল ৩২ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের জন্য এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় মুহিত বলেন, “বাংলাদেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার লক্ষে আমরা দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১১ প্রণয়ন করেছি। আইনটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে আছে।”
দুদকের চাহিদা অনুযায়ী সরকার বিভিন্ন ধরণের সহায়তা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা দুর্নীতি দমন কমিশনের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু দুর্নীতি দমনের নামে কারো মৌলিক অধিকার যেন ক্ষুন্ন না হয় আমরা সে বিষয়টিকেও যথেষ্ঠ গুরুত্ব দিতে চাই।”
দুদকের জন্য বরাদ্দ ৩৩ কোটি টাকার পুরোটাই অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১৪৭ ঘ.
bdnews24