২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিবসহ ১৮ কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের সাত উপসচিবসহ ১৮ জন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সাত উপসচিবসহ ১৮ জন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব রদবদলের আদেশ জারি করা হয়। উপসচিবদের মধ্যে গুচ্ছগ্রাম (জলবায়ু ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আব্দুল হাইকে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব আইরিন পারভীন বাঁধনকে পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বুধবার তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। উপসচিবদের মধ্যে মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ মুজিবর রহমান ও লক্ষ্মীপুরের এডিসি মোফাজ্জল হোসেনকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের জন্য তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব ফারুক আহমেদকে বাংলাদেশ পর্যটন বোর্ডে (ট্যুরিজম বোর্ড) দায়িত্ব পালনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ওই বোর্ডে উপসচিব আব্দুর রহিম মোল্লার সংযুক্তির আদেশ বাতিল করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলির আদেশ বাতিল করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা মহসিনকে তার পূর্বপদেই বহাল রাখা হয়েছে। এর আগে ২৩ মার্চ তাকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলির আদেশ জারি করা হয়। ফেনীর ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে লক্ষ্মীপুর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহম্মদ ইলিয়াস হোসেনকে খুলনার এডিসি নিয়োগ করা হয়েছে। ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের নয়জন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে অন্য উপজেলায় বদলি এবং তিনজনকে নতুন করে ইউএনও নিয়োগের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। দু’জনকে অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং একজনকে লিয়েনে পাঠানোর জন্য (বিদেশে বা বিদেশি সংস্থায় দায়িত্ব পালন) ওএসডি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩৮ ঘ.