বেনাপোল, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ডাকা ধর্মঘট পাঁচদিন পর প্রত্যাহার করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকরা।
বুধবার বেলা ১টায় ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের আশ্বাসের পরিপেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।”
গত শনিবার থেকে এই ধর্মঘট শুরু করে শ্রমিকরা।
এর আগে বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দু’টি ইউনিয়নের চার হাজার শ্রমিকের সামনে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের আশ্বাস দেন এবং ধর্মঘট প্রতাহারের আহবান জানান।
পরে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।
শেখ আফিল উদ্দিন বলেন, মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। গত পাঁচদিন কাজ বন্ধ থাকায় যে পণ্যজট তৈরি হয়েছে তা নিরসনে শুক্র ও শনিবার কাজ করারও প্রতিশ্র“তি দিয়েছেন শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০৩ ঘ.
bdnews24