ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীতে বার্জের ধাক্কায় ট্রলার ডুবিতে পুলিশের খোয়া যাওয়া দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দুপুর ১২টার দিকে বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী বার্জের ধাক্কায় পুলিশের একটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে পুলিশের তিন কনস্টেবল ছিলেন।
তিন সদস্যকে আশেপাশের মাঝিরা নৌকা নিয়ে এসে উদ্ধার করলেও তাদের সঙ্গে থাকা একটি রাইফেল ও একটি শর্টগান খোয়া যায়।
সদরঘাট ফায়ার স্টেশনের চারজন ডুবুরি দুপুর আড়াইটার দিকে ট্রলারটি উদ্ধার করে।
সদরঘাট ফায়ার স্টেশন মাস্টার মো. শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলারটি উদ্ধার করার পর ট্রলারের মধ্যেই অস্ত্র দুটি পাওয়া যায়।
দক্ষিণ কেরানীগঞ্জে থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় তিনজন পুলিশ সদস্য পুলিশের ট্রলারে করে টহল দিচ্ছিল। হঠাৎ একটি বালুবাহী বার্জের ধাক্কায় পুলিশের ট্রলারটি ডুবে যায়। আশে পাশের মাঝিরা নৌকা নিয়ে এসে তিন পুলিশ সদস্যকে উদ্ধার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১০৮ ঘ.
bdnews24