ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের স্পিকার সম্পর্কে উচ্চ আদালতের এক বিচারকের মন্তব্য এবং এরপর সংসদ সদস্যদের তীব্র প্রতিক্রিয়াকে দেশের জন্য ‘অশনি সংকত’ বলে মনে করছেন বিএনপির স্থায়ী সদস্য রফিকুল ইসলাম মিয়া।
বুধবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ওইসব বিচারক এখন ফ্রাঙ্কেস্টাইন হয়ে সরকারের ওপর সওয়ার হয়েছে।”
বিচারপতির এএইচএম শামসুদ্দিন চৌধুরী মঙ্গলবার আদালতে বলেন, সংসদে আদালতের একটি রায়ের সমালোচনা করার মাধ্যমে স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ করেছেন। এর প্রতিক্রিয়ায় রাতে সংসদে ওই বিচারকের অপসারণ দাবি করেন ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা।
তা না হলে সংসদই ওই বিচারককে অভিশংসন করার উদ্যোগ নেবে বলেও সাংসদরা হুমকি দেন।
এ প্রসঙ্গ টেনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের মানববন্ধনে রফিকুল ইসলাম মিয়া বলেন, “স্পিকার সর্ম্পকে ক্ষমতাসীন দলের নিয়োগপ্রাপ্ত বিচারক কি বলেছেন, জাতি তা শুনেছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সংসদদের প্রতিক্রিয়াও দেখা গেছে। এসব ঘটনা দেশের জন্য অশনি সংকেত।”
নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও জাতীয় সংসদকে রাষ্ট্রের তিনটি স্বতন্ত্র অঙ্গ অভিহিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল বলেন, “সরকার সব অঙ্গের ওপর আঘাত করেছে। ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে।”
প্রশাসনের দলীয়করণের ফলে নির্বাহী বিভাগও অকার্যকর হয়ে পড়েছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হলে , সংসদের মর্যাদা রক্ষা করতে হলে অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠার সরকার গঠন করতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম।
একই স্থানে চঁদপুর-হাইমর-ফরিদগঞ্জ জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে আরেক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সংসদ সদস্য এম কে আনোয়ার বলেন, “বিচার বিভাগ আজ ভেঙে পড়েছে। তারা অতীতে সংসদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। এখন স্পিকারকে নিয়ে বক্তব্য দিয়েছেন।”
বিচার বিভাগের দলীয়করণের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
১০ জুনের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে সরকারের উদ্দেশে এম কে আনোয়ার বলেন, “দাবি মেনে নিলে আমাদের কর্মসূচি বাতিল করব। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া অন্য কোনো পথ থাকবে না।”
ওই সমাবেশ অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়ারও দাবি জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের জানান, পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ অথবা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো সাড়া মেলেনি।
অন্যদের মধ্যে বিএনিপর কারাবন্দি নেতা খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন, সাবেক সাংসদ এস এ সুলতান টিটো, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
এছাড়া ঢাকা জেলা মহিলা দল, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধন করা হয়।
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসীম ও দেওয়ান মো. সালাহউদ্দিনের স্ত্রী সাবিনা সালাহউদ্দিন এসব কর্মসূচিতে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরএইচ/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24