ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে না গেলেও বাইরে বসে টেলিভিশনে দেখে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব পর্যালোচনা করবে প্রধান বিরোধী দল বিএনপি।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজেট পর্যালোচনার জন্য ‘উচ্চ পর্যায়ের’ একটি প্যানেল করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করবেন। ওই সময় থেকেই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বসে অর্থমন্ত্রীর উপস্থাপন করা বাজেট পর্যালোচনা করবে বিএনপির প্যানেল।
মারুফ কামাল খান বলেন, “বিএনপির উচ্চ পর্যায়ের প্যানেল বাজেট পর্যালোচনা করে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাবেন। এ জন্য গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বড় পর্দায় তারা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনবেন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, দলের উপ-কোষাধ্যক্ষ এস এম ফজুলল হক এই বাজেট পর্যালোচনার প্যানেলে রয়েছেন।
গত ৫ জুন হোটেল সোনারগাঁওয়ে এক সুধী সমাবেশে বিএনপির বাজেট ভাবনা তুলে ধরেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তিনি বলেন, “প্রস্তাবিত বাজেটে ৫০ হাজার কোটি টাকা ঘাটতি ধরা হবে বলে সংবাদপত্র সূত্রে জানা যায়। বাজেটের আকার হবে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। বিশাল অংকের এই ঘাটতি বাজেট অর্থায়নের জন্য অভ্যন্তরীণভাবে ২৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে হবে ব্যাংক খাত থেকে।
“বাজেটে অর্থ যোগান দেওয়া হবে অপরিণামদর্শী ব্যাংক ঋণের মাধ্যমে। ফলে অর্থনৈতিক ভারসাম্যহীনতা, নৈরাজ্য ও অস্থিরতা অবশ্যম্ভাবী।”
বিএনপি চেয়ারপারসন মনে করছেন, বর্তমান ক্ষমতাসীন মহাজোটের শেষ বাজেটটি হবে নির্বাচনমুখী।
বর্তমান সরকারের গত তিনটি বাজেট অধিবেশনেও বিএনপি সংসদ বর্জন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১০৩০ ঘ.
bdnews24