ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের অংশ ধসে পড়ে এক শিক্ষক নিহত হওয়ার প্রতিবাদে তিন ঘণ্টা শহরের প্রধান সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত তিন ঘণ্টা কোর্ট রোডের মোড়ে বসে শহরের প্রধান সড়ক অবরোধ করে ব্রাহ্মণবাড়িয়া শহরের গর্ভনমেন্ট মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির ইংরেজির শিক্ষক জীবন কুমার শীল সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ানো শেষে হালদারপাড়ার বাসায় ফেরার পথে নির্মাণাধীন ‘লুৎফুর রহমান টাওয়ার’ এর সামনে এলে ভবনটির একটি অংশ তার উপর ধসে পড়ে। এ সময় তার মাথা ও হাতে প্রচ- আঘাত লাগে।
তাৎক্ষণিক তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১০ টায় তিনি মারা যান।
নিহত জীবন কুমার শীলের বাড়ি কসবা উপজেলার মজলিশপুর গ্রামে।
তার মৃত্যুতে মঙ্গলবার সকাল আটটার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে জড়ো হয়ে মিছিল নিয়ে কোর্ট রোডের মোড়ে বসে সড়ক অবরোধ করে।
শিক্ষার্থীরা ভবন মালিকের গ্রেপ্তার ও বিচার দাবি করে বিক্ষোভ ও সমাবেশ করে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান ও পুলিশ সুপার জামিল আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে ভবন মালিকসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৫৫১ ঘ.
bdnews24