২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাধা দিয়ে জনসমাগম ঠেকানো যাবে না’

নয়া পল্টনে এই ‘গণসমাবেশ’ থেকেই বিকালে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে ‘গণসমাবেশের’ সব প্রস্ততি শেষ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিকাল ৩ টায় এই সমাবেশ থেকেই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার। সমাবেশ প্রস্তুতি ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশ সামনে রেখে ঢাকার প্রবেশ পথগুলোতে প্রশাসন ও পুলিশ বাধা সৃষ্টি করেছে। রোববার রাতে সারাদেশে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী চালানো হয়েছে। রাজধানীতে সকাল থেকে সব বেসরকারি যান চলাচল বন্ধ করে দিয়েছে।” “এসব প্রতিবন্ধকতা আর সময়ের স্বল্পতার পরও সমাবেশের সব প্রস্তুতি আমরা শেষ করেছি। জনস্রোত সরকার ঠেকাতে পারবে না। আশা করছি, শান্তিপূর্ণ এই সমাবেশ বিকালের আগেই জনসমুদ্রে পরিণত হবে”, বলেন তিনি। গণসমাবেশের জন্য ৬০ ফুট দীর্ঘ ও ২৯ ফুট প্রশস্ত মঞ্চ নির্মাণের কাজ সোমবার সকালে শেষ হয়েছে। মঞ্চে বিছানো হয়েছে লাল কার্পেট। বিএনপি ও ১৮ দলের শীর্ষ নেতাদের জন্য সারিবদ্ধভাবে চেয়ার বসানো হয়েছে মঞ্চে। বিকাল ৩টায় এই গণসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। জাসাস শিল্পীরা দেশাত্মবোধক ও দলীয় সঙ্গীত পরিবেশ করে কর্মীদের উৎসাহ যোগাচ্ছেন। মঞ্চের ব্যানারে লেখা আছে- নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দাবি এবং বিদ্যুৎ-গ্যাস-পানি সংকট নিরসন, নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান, আইনশৃঙ্খলার উন্নতি, দুর্নীতি নির্মূল ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে গণসমাবেশ। এ সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহানগর শাখার সদস্য সচিব আবদুস সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নানা বাধা-বিপত্তি ও গণগ্রেপ্তারের পরও বিপুল জনসমাগম হবে বলে আমরা আশা করছি।” তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ১২ মার্চ একই স্থানে মহাসমাবেশ করে ঢাকায় এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি পূরণের জন্য ৯০ দিন সময় বেঁধে দিয়েছিলেন তিনি, যা রোববারই শেষ হয়েছে। ১৮ দলীয় জোট নেতারা জানান, গত শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সঙ্গে বসে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করেছেন খালেদা জিয়া, যা এই সমাবেশে ঘোষণা করা হবে। ঢাকা মহানগর পুলিশ নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিলেও গত ১২ মার্চের মতোই ১১টি শর্ত দিয়েছে। মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ফকিরাপুল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড়ের মধ্যে। শর্তের মধ্যে আরো রয়েছে- মূল সড়কে মঞ্চ নির্মাণ করা যাবে না, সমাবেশ শুরুর দুই ঘণ্টার বেশি আগে লোক সমাগম করা যাবে না, বিকাল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। বিএনপি নেতারা জানান, পুলিশের দেওয়া শর্ত অনুযায়ী নির্ধারিত এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। পুরো সড়কজুড়ে বিভিন্ন স্থানে ও সড়কের আইল্যা-ে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ আটক নেতাদের ডিজিটাল ব্যানার টানানো হয়েছে। সমাবেশ উপলক্ষে সকাল ৯টা থেকেই নয়া পল্টনের দিকে আসতে শুরুেে করেছন বিএনপি কর্মীরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দুই পাশের ফুটপাতে মঞ্চের চারপাশে অবস্থান নিয়েছেন হাজার খানেক নেতা-কর্মী। কেন্দ্রীয় নেতারা আশা করছেন, দুপুরের আগে নয়া পল্টন সড়ক লোকারণ্যে পরিণত হবে। মূল মঞ্চের চারপাশে দলীয়ভাবে বসানো হয়েছে ‘বিশেষ নিরাপত্তা’। দলের কেন্দ্রীয় নেতাসহ নির্বাহী কমিটির সদস্যদের জন্য মঞ্চের নিচে পশ্চিম দিকে আলাদাভাবে বসার জায়গা রাখা হয়েছে। মঞ্চে ওঠার জন্য কেন্দ্রীয় নেতাদের দেওয়া হয়েছে কার্ড। গণসমাবেশের ‘শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য’ দুই হাজার কর্মীর একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে বলে সমাবেশের আয়োজকরা জানান। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও উলামা দলের কর্মীরা রয়েছেন এই দলে। গণসমাবেশ উপলক্ষে নয়া পল্টনের বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প বসিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তাদের ২৩টি মেডিকেল টিম এসব ক্যাম্পে কাজ করছে। আছে ১২টি অ্যাম্বুলেন্সও । এদিকে বিরোধী দলের এই সমাবেশ ঘিরে পুলিশ ও র‌্যাব ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নয়াপল্টন, ফকিরাপুল, বিজয়নগরের অলি-গলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। উঁচু দালালগুলোতেও বসানো হয়েছে পুলিশি পাহারা। গণসমাবেশের পুরো অনুষ্ঠান ইন্টানেটের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করেছে বিএনপি। দলের সহসম্পাদক আবদুল লতিফ জনি জানান www.bnplive.com এই ওয়েব ঠিকানায় মহাসমাবেশের পুরো কার্যক্রম সরাসরি দেখা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২০০ ঘ.