২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূপৃষ্ঠের উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 08:59 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূপৃষ্ঠের উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানি বেশী পরিমাণে ব্যবহারের দিকে জোর দিতে হবে। সরকার নদীর পানির প্রবাহ বৃদ্ধির জন্য নদী ড্রেজিং এর ব্যাপক কর্মসূচি নিয়েছে।” ‘পরিবেশবান্ধব উন্নয়নে আপনিও গর্বিত অংশীদার হোন’- বিশ্ব পরিবেশ দিবসের এই প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী বলেন, দেশ যাতে বিদেশের বর্জ্যরে ভা-ারে পরিণত না হয়, সে জন্য সরকার আমদানি নীতিতে ক্ষতিকর বর্জ্য আমদানি নিষিদ্ধ করেছে। “আমাদের রূপকল্প ২০২১ এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে - পরিবেশ সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন তথা দূষণমুক্ত সবুজ অর্থনীতির বাংলাদেশ গড়ে তোলা।” শেখ হাসিনা বলেন, “গ্রিন গ্রোথ ও গ্রিন ইকনোমির জন্য চাই গ্রিন এনার্জি। এ জন্য সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতি প্রণয়ন করেছে। সব ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়কে গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।” প্রতিবারের মতো এবারো প্রধানমন্ত্রী সবাইকে অন্তত একটি করে ভেষজ, বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপণের আহবান জানান। পরিবেশ উন্নয়নে বিশেষ অবদানের জন্য এই অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক-২০১২ বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. আহাম্মাদ উল্লাহ ও রাজশাহী সিটি কর্পোরেশন এবং পরিবেশগত শিক্ষা ও প্রচারে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এ বছর জাতীয় পরিবেশ পদক পেয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশেনের পক্ষে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এবং ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর পদক গ্রহণ করেন। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পদক-২০১২ পেয়েছে যশোরের কেশবপুরের ভগ্নী নিবেদিতা মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ফরিদ আহসান। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১১ এর বিভিন্ন শ্রেণীতে মনোনীতরাও প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরুর বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এই তিন মাস সবাই যে যেখানে পারবেন বৃক্ষরোপণ করবেন- এটা আমার অনুরোধ।” “আমরা সরকারি বনভূমি, বসতভিটা, পতিত ও প্রান্তিক ভূমি, রাস্তার ধারে, রেললাইন ও বাঁধের ধারে, নতুন জেগে উঠা চরে, খাস জমিতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি”, বলেন তিনি। সংরক্ষিত এলাকার পরিমাণ দেশের মোট ভূ-খন্ডের প্রায় ১ দশমিক ৮ ভাগে উন্নীত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৫০ বছর ধরে অনিস্পন্ন থাকা ১২ হাজার একর বনভূমিকে সরকার ‘সংরক্ষিত বন’ ঘোষণা করেছে। শেখ হাসিনা বলেন, শিল্প কলকারখানার দূষণ রোধে শুধু বর্জ্য শোধনাগার নির্মাণই যথেষ্ট নয়। বর্জ্য যাতে মানুষের ক্ষতির কারণ না হয়- সেদিকেও সবাইকে বিশেষ দৃষ্টি দিতে হবে। পরিবেশ ও বন মন্ত্রী হাসান মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ব আবহাওয়া সংস্থার মহা সচিব মিশেল জারো, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব মেসবাহ উল আলম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন এবং প্রধান বন সংরক্ষণ ইউনুস আলী বক্তব্য রাখেন। পরে শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে পরিবেশ মেলা এবং বাণিজ্য মেলার মাঠে বৃক্ষমেলা ঘুরে দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪৫০ ঘ.