লালমনিরহাট, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে লালমনিরহাটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সদরের বড়বাড়ী এলাকা থেকে শাহিদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়। শহিদুল ইসলাম সদরের খেদাবাগ এলাকার নুরুজ্জামানের ছেলে।
সদর থানার ওসি জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে এমএলএসএস পদে নিয়োগের জন্য জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকারের মোবাইল ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব পরিচয় দিয়ে শাহিদুল ইসলাম কয়েকবার ফোন করেন।
সন্দেহ হলে জেলা প্রশাসকের প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সঙ্গে কথা বলে নিশ্চিত হন শহিদুল প্রতারণা করছেন।
এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ডেপুটি কালেক্টর (রাজস্ব) হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেলা প্রশাসক ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৯ ঘ.
bdnews24