২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি শামসুদ্দিনকে সরাতে চান মহাজোট এমপিরা

স্পিকারের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল- এমন কথা বলার পর এই বিচারপতির অপসারণ চেয়ে মহাজোটের সংসদ সদস্যরা বলেছেন, তা না করা হলে সংসদই ওই বিচারককে অভিশংসনের উদ্যোগ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকারের বক্তব্যের কড়া সমালোচনা করায় উচ্চ আদালতের একজন বিচারককে অপসারণের জন্য সময় বেঁধে দিয়ে মহাজোটের সংসদ সদস্যরা বলেছে, অন্যথায় সংসদই ওই বিচারককে অভিশংসন করার উদ্যোগ নেবে। আদালতের একটি রায়ের সমালোচনা করে মন্তব্য করায় স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ করেছেন বলে মঙ্গলবার দুপুরে মন্তব্য করেন বিচারপতির এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। এরপর সন্ধ্যায় সংসদ অধিবেশনে ওই বিচারকের সমালোচনায় মুখর হন সরকারি জোটভুক্ত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, মঈনউদ্দিন খান বাদল ও মুজিবুল হক। সুরঞ্জিত সেনগুপ্ত বিচারপতি শামসুদ্দিনকে অপসারণে তিন দিন সময় দিয়ে বলেন, “এর মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিককে বিচারপতির পদ থেকে সরিয়ে দেওয়া না হলে সংবিধানে ১৯৭২ সালের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন করা হবে।” ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়া ছিল সংসদ সদস্যদের হাতে। সামরিক শাসক জিয়াউর রহমান সংশোধনী এনে এই ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত করেন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে বলতে পারেন। অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকারের আপত্তি সত্ত্বেও এ বিষয়ে বক্তব্য শুরু করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। এরপর অন্যরাও কথা বলেন। শামসুদ্দিন চৌধুরীকে যখনই তীব্র ভাষায় সমালোচনা করা হচ্ছিল; তাকে ‘ইমপিচ’ বা অভিশংসন করার কথা বলা হচ্ছিল, ততবারই উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাতে সমর্থন জানাচ্ছিলেন। এই আলোচনার আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন কক্ষে থাকলেও আলোচনা শুরুর সময় তিনি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। সবার বক্তব্যের পর ওই সময় ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “স্পিকারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।” ২৯ মে সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। আইনজীবী মনজিল মোরসেদ মঙ্গলবার স্পিকারের এই বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, “তিনি (স্পিকার) জনগণকে সুপ্রিম কোর্ট ও সরকারের বিরুদ্ধে উস্কে দিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল অপরাধ।” বিচার বিভাগ স¤পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় আইনজীবী হিসেবে ¯িপকারের সনদ থাকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি শামসুদ্দিন। তিনি বলেন, “স্পিকার বলেছেন, আইনমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তিনি তাকে ব্যবস্থা নিতে বলতেন। এর মানে হল, তিনি আদালতকে ডা-াবেড়ি পরাতে চান।” “সুপ্রিম কোর্ট ইজ নট কন্ট্রোলড বাই এনি মিনিস্টার অর অথরিটি,” জোর দিয়ে বলেন বিচারপতি। সংবিধান নিয়ে স্পিকারের ‘জ্ঞান আছে কিনা’ তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি শামসুদ্দিন। “যিনি তার পদের মর্যাদা রক্ষা করতে পারেন না তার এ পদে থাকার কোনো যোগ্যতা নাই। আমরা স্পিকারের ভূমিকায় অবাক হয়েছি,” মন্তব্য বিচারকের। আদালতের ভূমিকা ব্যাখ্যা করে বিচারক বলেন, “কোনো বিচারাধীন মামলা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। সংবিধানের তিন স্তম্ভের একটি সুপ্রিম কোর্ট। সংবিধান আদালতকে তার অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে। সংবিধান এবং রাষ্ট্র অসুবিধায় পরে এমন কোনো সিদ্ধান্ত উচ্চ আদালত কখনো নেবে না।” আদালতের এই বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আমরা তিন দিন সময় অপেক্ষা করব। আমরা দেখব, প্রধান বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছেন কি না। না হলে, আমরা সংসদের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের অধিকার ফিরিয়ে আনব।” “সংবিধান যে লঙ্ঘন করে, তার এই আসনে থাকা সমীচীন হবে না,” বলেন তিনি। সুরঞ্জিত বলেন, “আমরা ইমপিচ করার অধিকার ছেড়ে দিয়েছি। আমরা ছেড়ে দিলেও পাঁচ মিনিটে তা ফিরিয়ে আনতে পারি।” অনির্ধারিত এই আলোচনার জন্য দাঁড়িয়ে শুরুতেই তিনি বলেন, “প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আমি বলব, তিনি (শামসুদ্দিন চৌধুরী মানিক) সংবিধান লঙ্ঘন করেছেন। সংসদে যা আলোচনা হয়েছে, তা বিচার্য বিষয় নয়। এটা করে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি আর বিচারপতি থাকতে পারেন না।” শামসুদ্দিন চৌধুরী মানিককে বিচারপতির পদ থেকে সরানোর জন্য অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহবান জানিয়ে সুরঞ্জিত বলেন, “তার এই চাকরিতে থাকার কোনো অধিকার নেই। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাব- সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য।” আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ‘স্যাডিস্ট’ আখ্যায়িত করে বলেন, “তিনি মানুষকে অপমান করতে পছন্দ করেন। যারা স্যাডিস্ট, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, আমরা তাদের ঘৃণা করি।” শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়ার আহবান জানিয়ে তোফায়েল বলেন, “তিনি কী করে সংবিধান লঙ্ঘন করে স্পিকার সম্পর্কে একথা বলতে পারলেন?” তোফায়েলও ৭২ এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন করার আহবান জানান। শামসুদ্দিন চৌধুরী মানিককে ভাগ্যবান আখ্যায়িত করে তোফায়েল বলেন, “এর আগে, আব্দুল মতিন খসরু আইনমন্ত্রী থাকাকালে তাকে বিচারপতি করেন। বিএনপি এসে তাকে কনফার্ম করেনি। এবার আমরা ক্ষমতায় এসে তাকে কনফার্ম করি। “আরেকজন আছেন- মনজিল মোরসেদ। মনে হয় তার কোনো কাজ নেই। খবরের কাগজ পড়ে মানিকের কাছে যান আর তিনি রুল ইস্যু করেন,” ক্ষোভ ঝাড়েন তোফায়েল। শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করে তিনি বলেন, “স্যালুট না দেওয়ায় তিনি ট্রাফিক পুলিশকে কানে ধরে ওঠবস করান। তৃতীয় শ্রেণীর টিকিট কেটে এই ব্যক্তি বিমানের বিজনেস ক্লাসের সিট চান। তার লজ্জা থাকা উচিত।” সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় এক ঘণ্টার মতো আলোচনা শুরু করেন রাশেদ খান মেনন। তিনি পয়েন্ট অফ অর্ডারে বক্তব্যের জন্য দাঁড়ালে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “সংসদে এমন কোনো ঘটনা ঘটেনি, যা নিয়ে আপনি পয়েন্ট অব অর্ডারে কথা বলতে পারেন। বলতে চাইলে আগামীকাল আলোচনা করা যাবে।” মেনন বলেন, “বিচারপতি মানিক স্পিকারের বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন। তিনি স্পিকারের অ্যাডভোকেটশিপ নিয়েও প্রশ্ন তুলেছেন। সংবিধান সংসদকে আদালত থেকে দায়মুক্ত করেছে। স্পিকার আদালতের বিরুদ্ধে কাউকে রুখে দাঁড়াতে বলেননি। তিনি নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংসদের মধ্যে সমন্বয়ের কথা বলেছেন। তাই স্পিকার সম্পর্কে এই আচরণ মেনে নেওয়া যায় না।” ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননের বক্তব্যের পর সংসদ সদস্যরা চিৎকার করে বলেন, তারা সবাই এ নিয়ে আলোচনা করবেন। তার পর আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম বলেন, “বিচার বিভাগ স্বাধীন, কিন্তু সংসদের উপরে নয়। স্পিকারের বিষয়ে যে মন্তব্য মানিক করেছেন, তা সংসদের ওপর নগ্ন হামলা। স্পিকারকে অল্পবিদ্যা ভয়ঙ্করী বলেছেন। কীভাবে আদালত এই কটূক্তি করতে পারেন? “স্পিকারকে রাষ্ট্রদ্রোহী বলেছেন। তার মানে সংসদ, সাংসদ, সরকার সবাই রাষ্ট্রদ্রোহী। তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। তার ক্ষমা চাওয়া উচিত। সংসদ থেকে এ বিষয়ে প্রস্তাব যাওয়া উচিত।” শেখ সেলিমের বক্তব্যের পর ডেপুটি স্পিকার বলেন, “বিষয়টি আমি জানি না। সেজন্য বিষয়টি নিয়ে আগামীকাল আলোচনা করি।” তখন সেলিম বলেন, “ইন্টারনেটে নিউজ এসেছে। আমাদের কাছে কপি আছে। আপনার কাছে পাঠাচ্ছি।” জাতীয় সমাজতান্ত্রিক দলের মঈন উদ্দিন খান বাদল বলেন, “এই রকম সাইন পাকিস্তান আমলেও দেখা গিয়েছিল, এটা খারাপ লক্ষণ। এখন সর্ষের মধ্যে ভূত দেখতে পাচ্ছি। সরকার যখন সব কিছু ঠিক করার চেষ্টা করছে, তখনই সরকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে।” জাতীয় পার্টির মুজিবুল হক বলেন, “সংসদ সার্বভৌম কি না, তা আমার প্রশ্ন। উনি লিখিত পরীক্ষা ছাড়াই আওয়ামী লীগ সরকারের দয়ায় বিচারপতি হয়েছেন। তিনি মানসিক বিকারগ্রস্ত। বিচারপতিদের জবাবদিহি করার জন্য সংবিধানের ৯৬ অনুচ্ছেদ ফিরিয়ে আনা উচিত।” সবার বক্তব্যের পর ডেপুটি স্পিকার বলেন, “স্পিকারের সঙ্গে বসে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৪৬ ঘ.