ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি সংস্কৃতির আদলে গড়া অনুষ্ঠানে বিধি-নিষেধের পরিকল্পনা করছে সরকার।
রোববার জাতীয় সংসদে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সংসদে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিদেশি সংস্কৃতির আদলে গড়া অনুষ্ঠানসহ বিদেশি ভাষার সংগীত প্রচারে বিধিনিষেধ আরোপ করার জন্য যথাযথ পরিকল্পনা নেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
বেসরকারি এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা (২০১০ সালের ৮ ফেব্রুয়ারি) গেজেট আকারে প্রকাশিত হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নীতিমালার ১৪ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর উপ-অনুচ্ছেদে বলা আছে- কোনো অবস্থাতেই বেসরকারি বেতারে সংবাদ, সংবাদ পর্যালোচনা, টক শো, আলোচনা, সম্পাদকীয় ও সমসাময়িক ঘটনাবলী নিয়ে অনুষ্ঠান ও মন্তব্য সরাসরি সম্প্রচার বা ধারণকৃত অনুষ্ঠান প্রচার করা যাবে না।
ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ক্যাবল অপারেটরদের দৌরাত্ম্যরোধে ও সাধারণ নাগরিকদের নাগালের মধ্যে টেলিভিশনকে নিয়ে যেতে ডাইরেক্টর টু হোম (ডিটিএইচ) সার্ভিস চালুর বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
আরেক সাংসদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে ২২২টি দৈনিক এবং ৩৩৩টি সাপ্তাহিকের ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত তিন বছরে ৫৩টি পত্র-পত্রিকা ডিএফপি’র তালিকাভুক্ত হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী।
সংবাদ মাধ্যমের জন্য সংবাদপত্র ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন ১৯৭৩, প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪, প্রেস কাউন্সিল রেগুলেশন ১৯৮০, অ্যাক্রিডিটেশন সংক্রান্ত নীতিমালা ২০০৩, সংবাদপত্র, সংবাদসংস্থা ও সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি ১৯৯৩ (২০০২ সংশোধিত) রয়েছে।
এসব আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হলে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগী হলে ‘ইয়েলো জার্নালিজম’ বন্ধ হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএইচ/এমআই/২৩০৪ ঘ.
bdnews24