ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুলে কিশোরীর ২৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সাইদুজ্জামান বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।
মহানগর গোয়েন্দা পুলিশ রোববার বাচ্চুকে মুখ্য মহানগর হাকিম আলাদতে হাজির করে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে মহানগর হাকিম রেজাউল করিম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মহানগর গোয়েন্দা পুলিশের (তথ্য ও প্রসিকিউশন) অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে বাচ্চুর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
শনিবার সকালে রাজধানীর নাহার প্লাজার একটি গলি, পাশের সোনালী রিক্রুটিং এজেন্সির কার্যালয়, একই ভবনের একটি হোটেল কক্ষ এবং পাশের ভবনের ছাদ থেকে এক কিশোরীর লাশের ২৬টি টুকরো উদ্ধার করে পুলিশ। এর পরপরই সোনালী রিক্রুটিং এজেন্সির মালিক সাইদুজ্জামান বাচ্চুকে (৩০) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বাচ্চু স্বীকার করেন, ধর্ষণের পর ধরা পড়ার ভয়েই মেয়েটিকে খুন করেন তিনি।
হত্যাকা-ের শিকার কিশোরীর নাম রুমি (১৬)। সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গাজীপুর-কাজিপাড়া গ্রামের সাদ্দাম ফকিরের মেয়ে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে বাচ্চু জানিয়েছে, দুই বছর আগে রুমির সঙ্গে মুঠোফোনে তার পরিচয় হয়। এক বছর আগে একবার সে ঢাকায় আসে। সে সময় রুমিকে একটি মোবাইল ফোন কিনে দেয় বাচ্চু।
“রুমি ১০/১২দিন আগে মিরপুরে খালার বাসায় বেড়াতে আসলে তার সঙ্গে আবার যোগাযোগ হয় বাচ্চুর। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সে মিরপুর ১০ নম্বর থেকে একটি আটোরিক্সায় করে রুমিকে সোনালী রিক্রুটিং এজেন্সির অফিসে নিয়ে আসে”
ওই রাতে রুমির সঙ্গে ‘দৈহিক সর্ম্পক স্থাপনের’ কথাও বাচ্চু স্বীকার করেছে বলে মাসুদুর রহমান জানান।
রোববার সকালে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের মিডিয়া এ- কমিউনিটি সার্ভিস অডিটোরিয়ামে সাংবাদিকদের সামনে আনা হয় বাচ্চুকে।
সেখানে বাচ্চু বলেন, সন্ধ্যায় তার অফিসে রুমিকে আনা হলে আশেপাশের লোকজন কানাঘুষা শুরু করে। পরে বাইরে থেকে তার কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয়। আশেপাশের লোকজন তাদের ধরে বিয়ে করিয়ে দেবে- এই ধারণা থেকে আতঙ্কিত হয়ে রুমিকে প্রথমে গলা টিপে হত্যা করে সে।
বাচ্চু সাংবাদিকদের বলেন, রুমির দেহ নিস্তেজ হয়ে গেলে বাথরুমে নিয়ে প্রথমে ছুরি দিয়ে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে ফেলে সে। পরে শরীরের বিভিন্ন অংশ জোড়া থেকে আলাদা করে ফেলে। এরপর সেসব অংশ থেকে মাংসও আলাদা করে ফেলা হয়। এসব করতে গিয়ে রাত পার হয়ে যায়।
“বাঁচার জন্য রুমির দেহের অংশগুলো বাইরে এবং বাথরুমে কমোডে ফেলে দেই। কেউ যেন বুঝতে না পরে যে আমার ঘরে কোনো মেয়ে ছিল।”
শনিবার সকালে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও সাংবাদিক ও পুলিশ চলে আসায় যেতে পারেনি বলে জানায় বাচ্চু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৮০৭ ঘ.
bdnews24