ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জজ কোর্টে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা এবং সাংবাদিক-আইনজীবীদের ওপর নির্যাতনের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও তিন জনকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার বিকালে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) মাসুদুর রহমান।
বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা হলেন- বংশাল থানার উপপরিদর্শক মো. জিয়ারত আলী।
এ ছাড়া প্রত্যাহার করা হয়েছে লালবাগ বিভাগের সহকারী কমিশনার রাজিব আল মাসুদ, কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান ও বংশাল থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুককে।
একই সঙ্গে কোতোয়ালি থানার ওসি হিসেবে আবু বকর সিদ্দিকীকে দায়িত্ব দেওয়ার কথা জানান জানান অতিরিক্ত উপকমিশনার মসুদুর রহমান।
গত মঙ্গলবার দুপুরে বাবার সঙ্গে মোটর সাইকেলে করে মুখ্য মহানগর হাকিম আদালতে যাওয়ার পর পুলিশের সঙ্গে ওই তরুণীর কথা কাটাকাটি হয়। এরপর পুলিশ তাকে টেনে-হিঁচড়ে আদালতপাড়ায় পুলিশ ক্লাবে ঢোকায় এবং তার শ্লীলতাহানি করে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান।
ওই তরুণীকে আটকের খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের মারধরের শিকার হন তিন সাংবাদিক ও দুই আইনজীবী।
এ নিয়ে তীব্র সমালোচনা হলে সন্ধ্যায় সহকারী উপপরিদর্শক নূরুজ্জামান সরকার ও আমির আফজাল বিপ্লবকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে একটি কমিটি করে পুলিশ।
ওই তরুণীকে পুলিশ দিনভর আটকে রাখলেও সন্ধ্যার পর আইন-সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের হেফাজতে ছেড়ে দেওয়া হয়।
পরদিন বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিবেচনায় নিয়ে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মহানগর পুলিশের উপ-কমিশনার (লালবাগ) হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার রাজিব আল মাসুদ, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন খান, দুই উপ-পরিদর্শক জাহাঙ্গীর ও জামান ও পুলিশ ক্লাবের প্রেসিডেন্টকে তলব করে।
৬ জুন তাদেরকে আদালতে হাজির হয়ে মঙ্গলবারের ঘটনায় নিজেদের ভূমিকা ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২২৪০ ঘ.
bdnews24