২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নৌঘাঁটির খবর ভিত্তিহীন: সরকার

বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলেছে সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “সরকার স্পষ্টভাবে বলে দিতে চায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো পর্যায়ে এ ধরনের আলোচনা হয়নি। এমনকি স¤প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরেও এ বিষয়ে কোনো কথা হয়নি।” এর আগে শুক্রবার ভারতের টাইমস নাউ টেলিভিশনের একটি সংবাদভিত্তিক অনুষ্ঠানে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ঘাঁটি স্থাপনের পরিকল্পনার খবর দেওয়া হয়। ‘আমেরিকা আইস বে অব বেঙ্গল’ শীর্ষক আলোচনায় যুক্তরাষ্ট্র তার সপ্তম নৌবহরের একটি বড় অংশের ঘাঁটি হিসেবে চট্টগ্রামকে ব্যবহার করতে চায় বলে খবর পরিবেশন করা হয়। কোনো সূত্র উল্লেখ না করে ওই আলোচনার সঞ্চালক টাইমস নাউয়ের এডিটর ইন চিফ অর্নব গোস্বামী তিনি দাবি করেন, টাইমস নাউ নিজস্ব অনুসন্ধানে জেনেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশে তার সা¤প্রতিক সফরে এই নৌঘাঁটি স্থাপনের বিষয় নিয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শনিবারের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সই হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ বিষয়ক যৌথ ঘোষণায় দু’দেশের মধ্যে বহুমুখী অংশীদারিত্বের প্রতিফলন হয়েছে। দ্বিপক্ষীয় স্বার্থের সব বিষয়ে বার্ষিক সংলাপের প্রাতিষ্ঠানিক আয়োজনের ব্যবস্থার কথাও বলা আছে যৌথ ঘোষণায়। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, “কার্যকর সহযোগিতা ও আলোচনা এগিয়ে নিতে এ ধরনের প্রাতিষ্ঠানিক সংলাপ আয়োজনে উভয় পক্ষই প্রতিজ্ঞাবদ্ধ। এ অঞ্চলের পাশাপাশি বিশ্বে অধিকতর সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।” বিশ্ব শান্তি রক্ষায় এবং দক্ষিণ এশিয়ায় প্রাতিষ্ঠানিক আঞ্চলিক সহযোগিতা সৃষ্টিতে বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনকারী সদস্য হিসেবেও বাংলাদেশের অবদান অনস্বীকার্য। টাইমস নাউয়ের ওই অনুষ্ঠানে বলা হয়, দক্ষিণ চীন সাগরে অনেক চীনা ঘাঁটি ছড়িয়ে রয়েছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এশিয়ায় চীনা নৌ বাহিনী প্রভাব বিস্তার করছে। এর মোকাবেলায় চট্টগ্রামে নৌঘাঁটি চায় যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/১৯৩৮ ঘ.