২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়লেখায় দুর্ঘটনায় নিহত ৩

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

মৌলভীবাজার, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বড়লেখা থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বড়লেখা-কুলাউড়া সড়কের পানিধার এলাকায় নারীশিক্ষা একাডেমির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশাচালক জুনেল আহমেদ (১৮), বড়লেখার বর্ণি গ্রামের বাসিন্দা চুন্নু মিয়া (৩৫) এবং কুলাউড়া উপজেলার গাজীপুর গ্রামের এলসন খাসিয়া (৩২)। জুনেল বড়লেখা উপজেলা সদরের মহুবন এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রুমান আহমেদ (২২) বড়লেখা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। অন্যজন প্রাথমিক চিকিৎসার পর ফিরে গেছেন। ওসি বলেন, মৌলভীবাজারগামী পণ্যবাহী পিকআপটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। “সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর চালক নিহত হন। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান তারা।” ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যায় বলে জানান তিনি। ওসি কামরুল জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৪৫০ ঘ.