২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুর লেলিয়ে খুনের এক আসামি গ্রেপ্তার

অন্যদিকে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহত শিক্ষার্থী হিমাদ্রী মজুমদারের পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে হিমাদ্রীর পরিবার। হিমাদ্রী হত্যামামলার আসামি শাহাদাত হোসেন সাজুকে (২৭) গ্রেপ্তার করা হয় শনিবার প্রথম প্রহরে টেকনাফের শাহ পরীর দ্বীপ এলাকা থেকে। সাজুর বাসা নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায়। তিনি হিমাদ্রী হত্যা মামলার তিন নম্বর আসামি। পাঁচলাইশ থানার ওসি মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শাহাদাতকে শাহ পরীর দ্বীপ এলাকার একটি বাসা থেকে রাত দেড়টার দিকে গ্রেপ্তার করে। শাহাদাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, শিগগিরই অন্য আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে। এই মামলার মূল আসামি জুনায়েদ আহমেদ রিয়াদ দেশ ছেড়ে কানাডা পালিয়েছেন বলে স্থানীয়রা জানায়। তাকে ফেরত আনতে পদক্ষেপ নিতে উচ্চ আদালত ইতোমধ্যে সরকারকে নির্দেশ দিয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- রিয়াদের বাবা শাহ সেলিম টিপু এবং রিয়াদের বন্ধু ড্যানি ও শাওন। গত ২৭ এপ্রিল পাঁচলাইশে রিয়াদদের চারতলা ভবনের ছাদে তিনটি ডোবারম্যান কুকুর লেলিয়ে দেওয়ার পর হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মে মারা যান ‘এ’ লেভেলের এই শিক্ষার্থী। এই ঘটনায় হিমাদ্রীর মামা বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। তবে মামলার পর থেকে শাহ আলমের পরিবারের কেউ ওই বাড়িতে নেই। মামলার আলামত হিসেবে লেলিয়ে দেওয়া তিনটি কুকুর জব্দ করে চিড়িয়াখানা হেফাজতে রেখেছে পুলিশ। সেখানে গত রোববার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একটির মারা গেছে। আদালতের নির্দেশে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদনও জমা দিয়েছে পুলিশ। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে হিমাদ্রীর মা গোপা মজুমদার তার সন্তানের হত্যাকাণ্ডের বিচার দাবির পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার সময় গোপা মজুমদার বেশ কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “এজাহারভুক্ত আসামি শাহ সেলিম টিপু মোবাইলে ফোন করেছে। এরপর থেকে আমি আমার স্বামী, অন্য সন্তানসহ পরিবারের সদস্যদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত।” সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোপা মজুমদার বলেন, “আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকারের যথোচিত ভূমিকা পালনের অনুরোধ করছি।” সংবাদ সম্মেলনে হিমুর বাবা প্রবীর মজুমদার, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্তও ছিলেন। হিমাদ্রীর মৃত্যুর ঘটনা তদন্তে পরিবারের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে পুলিশের অভিযোগ প্রত্যাখ্যান করেন গোপা মজুমদার। তিনি বলেন, “পুলিশ ও র‌্যাব সদস্যরা যখনই বাসায় এসেছে, কিছু জানতে চেয়েছে, তা আমরা সঙ্গে সঙ্গে জানিয়েছি।” আসামিদের গ্রেপ্তারে দেরি হওয়ার পেছনে রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে কি না- প্রশ্ন করা হলে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, “আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমরা মনে করছি, এর পেছনে কোনো রহস্য আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬৩৬ ঘ.