মুজিবুল হক পলাশ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নারায়ণগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা কমিটির একটি তদন্ত প্রতিবেদনের অসঙ্গতি তুলে ধরে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছয় শিক্ষক গত দুই সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন।
তদন্ত প্রতিবেদনের অসঙ্গতি অস্বীকার করে গৃহীত পদক্ষেপকে সঠিক বলেছেন ব্যবস্থাপনা কমিটি। তবে শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস থেকে বঞ্চিত হওয়ার কথা জানান শিক্ষার্থীরা।
সংশিষ্টরা জানান, গত ২৬ এপ্রিল কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানের অধ্যক্ষ সামছুর আলম আজাদ এর বিরুদ্ধে নারী কেলেংকারী ও অর্থ আত্মসাৎ এবং নম্বর কম দেওয়ার অভিযোগে এনে তার অপসারণের দাবি করে ক্যাম্পাসে পোস্টার লাগায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য রফিউর রাব্বি, মো. জহিরুল ইসলাম ও আব্দুস সালামকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ১০ দিন তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে।
প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সতত্য না পেলেও শিক্ষকদের ক্লাসে কম উপস্থিত থাকা ও শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার বিষয়টি শিক্ষার্থীরা জানিয়েছে তদন্ত কমিটিকে।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ১৯৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত হয়। পরে ২০০৪ সালে প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানে আটজন এমপিওভূক্ত শিক্ষকসহ মোট ১১ জন শিক্ষক রয়েছেন, যাদের ৩ জন খ-কালীন। চার বছর আগে প্রতিষ্ঠানটিতে অনার্স কোর্স চালু হয়।
কর্মবিরতি পালনকারী শিক্ষক মো. রাশেদুল হুদা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমিটি অধ্যক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি, উপরন্তু অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের উস্কিয়ে দেওয়ায় জন্য খ-কালীন শিক্ষক রেজাউল ইসলাম রনির সম্পৃক্ততা পান।
“কিন্তু ব্যবস্থাপনা কমিটি অন্যায়ভাবে অধ্যক্ষকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। রেজাউল ইসলাম রনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বহিস্কার না করে তাকেও তিন মাসের বাধ্যতামূলক ছুটি দেয় ব্যবস্থাপনা কমিটি। এটা অসঙ্গতিপূর্ণ। একজন প্রভাবশালীর আত্মীয় হওয়ায় ব্যবস্থাপনা কমিটি রনিকে রক্ষার চেষ্টা করছে।”
কমিটির তদন্ত প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক হিসেবে চিহ্নিত করে ওই শিক্ষক বলেন, শিক্ষার্থীদের নম্বর কম দেওয়া হয়নি বরং নম্বরপত্রে ব্যবস্থাপনা কমিটির এক সদস্য অবৈধ হস্তক্ষেপ করছে। এসবের প্রতিবাদেই তারা কর্মবিরতি পালন করছেন।
কর্মবিরতি পালনকারী ছয় শিক্ষক মো. রাশেদুল হুদা সরকার, শহীদ আহমেদ, নাদির শাহরিয়ার, আলতাফুন্নেসা, সঞ্জয় চক্রবত্তী, আকতারুজ্জামান চৌধুরি গত ৩০ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত প্রতিবেদনের অসঙ্গতি তুলে ধরে এক বিবৃতি দেন।
তদন্ত কমিটির সদস্য রফিউর রাবিব জানান, অধ্যক্ষ সামছুল আলম আজাদের বিরুদ্ধে নারী কেলেংকারী ও অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
তবে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার বিষয়টির সত্যতা মিলেছে। এছাড়া প্রতিষ্ঠানে শিক্ষকরা কম উপস্থিত হন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। নাহিদ শাহরিয়ার নামে একজন শিক্ষক দুই বছর যাবত ছুটিতে কীভাবে থাকেন- এই প্রশ্নও তুলেন তিনি।
অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে না ফেরার ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে অধ্যক্ষকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানান রফিউর রাব্বি।
এছাড়া শিক্ষার্থীদের উস্কে দেওয়ার অভিযোগে খ-কালীন শিক্ষক রেজাউল ইসলাম রনিকেও তিন মাসের বাধ্যতামূলক ছুটি এবং অধ্যক্ষের বিরুদ্ধে পোস্টারিং করার অভিযোগে তিন ছাত্রকে তিন মাসের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
ব্যবস্থাপনা কমিটির সভায় প্রভাষক শাহাবুদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান রফিউর রাব্বি।
অভিযুক্ত শিক্ষক রেজাউল ইসলাম রনি অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের উস্কে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “শিক্ষকরা আমাকে ভুল বুঝেছেন। আমি কেন ছাত্রদের উস্কে দেব? অধ্যক্ষের সমস্যার কারণে শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করেছে। আমাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে।”
নাম প্রকাশ না শর্তে কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েডিন্টফোর ডটকমকে জানান, শিক্ষকরা ক্লাসে কম আসেন। তারা নানা কারণেই শিক্ষার্থীদের অবহেলা করেন। নম্বরও কম দেন। এসব কারণে বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীরা ক্ষুদ্ধ।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তৃতীয় বর্ষের মারজিয়া রহমান, দিলরুবা, দারবিস ও তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্লাস আপাতত বন্ধ রয়েছে। সব শিক্ষক ঠিকমতো আসছেন না, ফলে সমস্যা হচ্ছে। পরীক্ষাও সামনে।
প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, এখানে ভাস্কর্য ও সিরামিকস বিভাগ নাই, গ্রাফিক্স বিভাগ থাকলেও সেখানে কোনো শিক্ষক নেই।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছু শিক্ষক গত ১৯ মে ব্যবস্থাপনা কমিটির সভার পর থেকে প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন।
এখন প্রিলিমিনারি ব্যাচেলর অব ফাইন আর্টস (পিবিএফএ) পরীক্ষার নিবন্ধন চলছে। তাই ক্লাস এমনিতেই কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১০৫৪ ঘ.
bdnews24