নেত্রকোনা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মের ছুটি শেষে বাড়ি থেকে ফেরার পথে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুশফিকার রহমান হাসি (২২)।
পুলিশ জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার সিংহের বাংলা এলাকায় হাসিসহ চারজনকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় হাসির তিন নিকটাত্মীয় আহত হয়েছেন।
হাসি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের ব্যবসায়ী মোকশেদ মিয়ার মেয়ে। তিনি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্রী।
সদর থানার ওসি আব্দুল আজিজ বলেন, সকাল ১১টার দিকে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে। হাসপাতালে নেওয়ার পর হাসির মৃত্যু হয়।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল রায় বলেন, গুরুতর আহত প্রাইভেটকার চালক সালাম উদ্দিন (৪৭), রিনা (৩৫) ও রাহিকে (৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২০ ঘ.
bdnews24