২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদায় আবারও ডিম ছাড়লো মা-মাছ

বাংলাদেশের একমাত্র মিঠাপানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে চলতি মৌসুমে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা-মাছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের একমাত্র মিঠাপানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে চলতি মৌসুমে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা-মাছ। হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, শুক্রবার সকালে টানা বৃষ্টির মধ্যে ডিম ছাড়ার পরপরই ১০ কিলোমিটার এলাকা জুড়ে ডিম সংগ্রহের উৎসবে মেতে উঠে আহরণকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এবার দুই দফায় মা-মাছ যে পরিমাণ ডিম ছেড়েছে তা থেকে গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ রেণু সংগ্রহ হতে পারে।” “গত ৮ এপ্রিল প্রথম দফায় সংগ্রহ করা ডিম থেকে ৩৫ কেজির মতো রেণু পাওয়া গিয়েছিল। শুক্রবার আহরণকারীদের সংগ্রহ করা ডিম থেকে প্রায় আড়াইশ’ কেজির মতো রেণু পাওয়া যাবে।” এসব ডিম চার দিনের মধ্যেই রেণুতে পরিণত হবে বলে তিনি জানান। এসব রেণু প্রতি কেজি ৬০ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হয়। মনজুরুল কিবরিয়ার হিসাব অনুযায়ী, গত বছর সংগ্রহ করা ডিম থেকে রেণু পাওয়া গিয়েছিল ২১০ কেজি। ২০১০ সালে দেড়শ কেজি, ২০০৯ সালে ২২০ কেজি এবং ২০০৮ সালে ৪০ কেজির মতো রেণু পাওয়া যায়। প্রতি বছর এপ্রিল-জুন মাসের মধ্যে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে অনুকূল পরিবেশে হালদা নদীতে রুই জাতীয় মা-মাছ ডিম ছাড়ে। আহরণকারীরা জানান, বৃহস্পতিবার রাতে নমুনা ডিম ছাড়লেও শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে জোয়ারের সময় পুরোদমে ডিম ছাড়ে মা-মাছ। এরপর দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত রাউজান ও হাটহাজারী উপজেলার হালদা নদীর মাছুয়া ঘোনা, অংকুরী ঘোনা, নাপিতের ঘাট, আজিজের ঘাট, সত্তার ঘাট, গড়দুয়ারা, কান্তার আলী চৌধুরী ঘাট, উত্তর মাদার্শা এলাকায় প্রায় সাড়ে তিনশ’ নৌকা নিয়ে ডিম সংগ্রহ করা হয়। হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টির ফলে হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছাড়ল মা-মাছ। দুই দফায় সংগৃহীত ডিম থেকে যে পরিমাণ রেণু পাওয়া যাবে তা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বলে ধারণা করেন এই মৎস্য কর্মকর্তাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এসইউ/১৯৫১ ঘ.