ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাংবাদিকদের ওপর হামলায় জড়িত অভিযোগে গ্রেপ্তার আরো দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে হেফাজতে (রিমান্ড) পাঠিয়েছে আদালত।
ইমরান মোল্লা (২০) ও ইয়াকুব আলী (২২) নামের ওই দুই যুবককে শুক্রবার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম সাইফুল ইসলাম তাদের জামিন আবেদন নাকচ করে রিমান্ডে পাঠান।
গত ২৮ মে রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে এই অনলাইন সংবাদপত্রের সংবাদ কর্মীদের ওপর হামলা চালানো হয়। ওই সময় সন্ত্রাসীদের ছুরির আঘাতে গুরুতর আহত সহ সম্পাদক নেওয়াজ মোহাম্মদ রিফাত ও প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতম ইউনাইটেড হাসপাতালে চিকিসাধীন। একই হাসপাতালে ভর্তি আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস সহকারী রুহুল আমিনও।
ঘটনার পরদিন মহাখালী এলাকা থেকে জাহেদুল ইসলাম সৌরভ, সুমন ও মীর হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ইমরান ও ইয়াকুবকে সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার উত্তরায় র্যাব-১ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তারা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
ইমরান বলেন, “সৌরভের টেলিফোন পেয়ে পাশের একটি চায়ের দোকান থেকে চাকু নিয়ে আমি ছুটে যাই এবং দুইজনকে কুপিয়ে সৌরভকে ছাড়িয়ে আনি।”
বনানী থানার উপপরিদর্শক উপ পরিদর্শক ইমদাদুল ইসলাম তৈয়ব শুক্রবার ইমরান ও ইয়াকুবকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিন করে হেফাজতে নেওয়ার আবেদন করেন।
অন্যদিকে দুই আসামির আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহতাব উদ্দিন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করে রিমান্ডের পক্ষে বলেন আদালত পুলিশের বিশেষ সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক ফরিদ মিয়া।
শুনানি শেষে বিচারক দুইজনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইমরান ও ইয়াকুব দুজনই বখাটে সন্ত্রাসী। যে দল ডাকে তার হয়েই তারা কাজ করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের ওপর হামলার ঘটনায় সারাদেশে বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন সংবাদ কর্মীরা। শুক্রবারও বিভিন্ন জেলায় কর্মসূচি পালিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৮১৫ ঘ.
bdnews24