চাঁপাইনবাবগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে দুই হিযবুত তাহরির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।
নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাঈল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নাচোলের ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মেহেরপুর জেলার গাংনি উপজেলার বালিয়াঘাট গ্রামের নসিম উদ্দীনের ছেলে সাকিব রহমান (৩২) ও রাজশাহীর মতিহার থানার কাজলা মহল্লার আব্দুল মান্নানের ছেলে মাইনুল ইসলাম (৩৫)।
এএসআই ইসমাঈল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ি গ্রামে হিযবুত তাহরিরের লিফলেট ও বই বিতরণ করছিল সাকিব ও মাইনুল। এ সময় স্থানীয়রা তাদের আটক করে নাচোল থানায় খবর দেয়।”
পরে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লিফলেট ও বই উদ্ধার করা হয়।
তিনি জানান, শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬২৬ ঘ.
bdnews24