২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রলীগ নেতা খুন

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 05:07 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

কুমিল্লা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত সোহেল আহমেদ ছাত্রলীগের পলিটেকনিক ইন্সটিটিউট শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের ধারণা, শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে মতবিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কয়েকজন যুবক সদর উপজেলার বলারামপুরের (কাশিনাথপুর) বাড়ি থেকে সোহেলকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে মারাত্মক জখম অবস্থায় তাকে বলরামপুর দিদার সমিতি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সোহেল। পলিটেকনিকের শিক্ষার্থীরা জানান, গত ২৯ মে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ২ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ আন্দোলনকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে ছাত্রলীগের প্রতিপক্ষ একটি গ্রুপের মতবিরোধ হয়। পরিবারের সদস্যরা পুলিশকে বলেছেন, রাত সাড়ে ৮টার দিকে দুটি মোটর সাইকেলে করে কয়েকজন যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সোহেলকে। ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, সোহেলের ঘাড়ে, গলায়, বুকে এবং বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় রিমন নামে একজনকে আটক করেছে পুলিশ। সোহেলের বাবার নাম সেলিম মিয়া। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। এ ঘটনায় কুমিল্লা পলিটেকনিকে উত্তেজনা বিরাজ করছে। সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫৫ ঘ.