পটুয়াখালী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক যুবককে নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার চরকাজল ইউনিয়নের দক্ষিণ চরবেস্টিন এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। বুধবার গভীর রাতের যে কোন এক সময় তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
নিহত অলিউর রহমান প্যাদা (২৮) চরবেস্টিন এলাকার আঞ্জু প্যাদার ছেলে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
রাঙ্গাবালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাসেম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অলিকে হত্যার পর প্রতিপক্ষ তাকে গাছে ঝুলিয়ে বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দিতে চেয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
অলির গায়ে চাকু ও ব্লেড এর আঘাত রয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এলাকার আমির হোসেন খানের ছেলে বশির খান ও মিন্টু তালুকদারের ছেলে মাহাজিবকে আটক করেছে।
অলির লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
নিহত অলির ভাই মাহাবুব প্যাদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অলি এলাকার মাছ ব্যাবসায়ী মনির জমাদ্দার ও তার বাবা শাহ আলম জমাদ্দারের কাছে দেড় লাখ টাকা পাবে। কিছুদিন আগে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়।
তিনি জানান, অলি বুধবার রাতে খাবারের পর বাড়ির সামনে মাছের ঘেরে ম্যানেজারের সঙ্গে ঘুমাতে যায়। রাত ২টার দিকে ওই ঘর থেকে অলিকে ডেকে নিয়ে যায় একই এলাকার মনির জমাদ্দার, শাহ আলম জামাদ্দার, বশির ও মাহাজিবসহ তাদের সঙ্গীরা।
গভীর রাতে মাহাবুব তাদেরকে বাড়ির পাশে ঘুরতে দেখেছেন দাবি করে বলেন, ফজরের নামাজের সময় এলাকার লোকজন বেড়িবাঁধের পাশে একটি গাছে অলির লাশ ঝুলতে দেখে পরিবারকে জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১৯ ঘ.
bdnews24