ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টে বিচারাধীন একটি বিষয়ে আদেশ দেওয়ায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়াসহ তিনজনকে তলব করেছে হাই কোর্ট।
অন্য দুজন হচ্ছেন, মামলার বাদি লুৎফর রহমান এবং আইনজীবী মো. এমদাদুল হক দুলু।
আদালত অবমাননার একটি আবেদনের প্রাথমিক শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
তিনজনকে আগামী ১৩ জুন আদালতে হাজির হয়ে নিজ নিজ ভূমিকার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালত অবমাননার অভিযোগকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন আহমেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
আদালত অবমাননার অভিযোগে জজসহ তিনজনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাই কোর্ট। ১২ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক আব্দুল আউয়াল পাটোয়ারীকে পদচ্যুত করে লুৎফর রহমানকে স্থলাভিষিক্ত করা নিয়ে এক মামলার বিষয় নিয়ে হাই কোর্টের এই রুল হয়েছে।
আউয়ালের আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রিট করলে এক পর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ আব্দুল আউয়াল পাটোয়ারিকে পুনর্বহাল করে। এর মধ্যে লুৎফর রহমান বোর্ড সভায় অংশ নিতে একটি মামলা করে। গত ২৯ মে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ পরবর্তী বোর্ড সভার পূর্বে বাদিকে বিধি মোতাবেক নোটিস দিয়ে অবহিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে আদেশ দেয়।”
মনজিল বলেন, নিু আদালতে করা মামলায় তারা হাই কোর্টের রিট আবেদনের বিষয়টি উল্লেখ করেছিলেন। এরপরও ওই বিচারক আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১২৫ ঘ.
bdnews24