২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির চার পরিচালককে জিজ্ঞাসাবাদ দুদকের

ডেসটিনি এবং এর ৩৭টি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিষয়ে ওই প্রতিষ্ঠানগুলোর আরো চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি এবং এর ৩৭টি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিষয়ে ওই প্রতিষ্ঠানগুলোর আরো চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে ডেসটিনির ১১ জন শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করলো দুদক। বৃহস্পতিবার ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ও পরিচালক ফারাহ দীবা, অপর তিন পরিচালক হোসনে আরা ইসলাম, সেলিনা রহমান ও মিতু রানী বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগের দুইদিনে রফিকুল আমীন, চেয়ারম্যান মাহমুদ হোসেন, পরিচালক গোফরানুল হক, সাইদ-উর রহমান, সাজ্জাদ হোসেন, মেজবাহ উদ্দিন স্বপন ও ইরফান আহমেদ সানিকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে ফারাহ দীবা সাংবাদিকদের বলেন, “আমার সম্পদ ও ব্যবসা সম্পর্কে দুদক জিজ্ঞাসাবাদ করেছে। আমি তাদেরকে সব কথা বলেছি। কী বলেছি তাদেরকেই জিজ্ঞাসা করুন। আমি কিছু বলবো না।” এরপর তিনি কয়েকজনের সহায়তায় দ্রুত স্থান ত্যাগ করেন। গত ২৭ মে গ্রাহকদের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে ডেসটিনির শীর্ষ ১২ কর্মকর্তাকে নোটিশ দেয় দুদক। বহু মানুষের স্বার্থ জড়িত ডেসটিনি সম্পর্কে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, “ডেসটিনির বিষয়ে যে তদন্ত চলছে তার সঙ্গে দেশের বহু মানুষের স্বার্থ জড়িত। তাই এ বিষয়ে এমন কোনো প্রশ্ন কেউ করবেন না, যা আদালতে কারো পক্ষে রেফারেন্স হিসেবে তুলে ধরে হয়। আপনারা সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন।” “মানি লন্ডারিং বা দুদকের যে কোনো তফসিলভুক্ত অপরাধ যেই করে থাকুক না কেন, তদন্তের পর তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে” যোগ করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ডেসটিনির আর্থিক অনিয়ম ধরা পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ওই অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামকে নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়। প্রায় দুই মাস অনুসন্ধান শেষে গত ২৩ মে কমিশনে প্রতিবেদন জমা দেয় তদন্ত দল। এতে ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর সহযোগী অপর প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করে তদন্ত দল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির শীর্ষ ব্যক্তিরা কয়েকশ’ কোটি টাকার দুর্নীতি করেছে। এছাড়া বিদেশ থেকে কম দামে পণ্য আমদানি এবং দেশের মধ্যে কম দামে জমি কিনে তা গ্রাহকদের কাছে বেশি দাম দেখানো হয়েছে। আর ওই অতিরিক্ত অর্থ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মকর্তারা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮৫৭ ঘ.