২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগ ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পর গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন যুক্তরাজ্যের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস্টার বার্টও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পর গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস্টার বার্ট। বাংলাদেশে তিন দিনের সফরের শেষ দিন বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ব্যাংকের কর্মদক্ষতা অক্ষুণœ রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী। ইউনূস ও তার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কাজের ধারাবাহিকতা রক্ষা করা ও সমুন্নত রাখার প্রয়োজন বলে মন্তব্য করেন বার্ট। এ সময় গ্রামীণ ব্যাংকের ‘ভবিষ্যৎ নির্ধারণের জন্য’ কমিশন গঠন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সরকার কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে তা এ প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হবে। এর আগে জন্মলগ্ন থেকে গ্রামীণ ব্যাংকের কর্মকা- পর্যালোচনা করে এর ‘ভবিষ্যৎ নির্ধারণের জন্য’ কমিশন গঠন নিয়ে উদ্বেগ জানিয়ে বুধবার গণমাধ্যমে একটি বিবৃতি দেন মুহাম্মদ ইউনূস। বুধবার গণমাধ্যমের কাছে পাঠানো ‘গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ: আমার শঙ্কা’ শিরোনামে এ বিবৃতিতে তিনি বলেন, “আমার নিশ্চিত বিশ্বাস, গ্রামীণ ব্যাংকের আইন কাঠামোর পরিবর্তন করে সরকারের ভূমিকা এতে বাড়ানো হলে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ বিপন্ন হবে। গ্রামীণ ব্যাংকে হাত না-দিয়ে সরকার এরকম আরেকটি বা একাধিক ব্যাংক প্রতিষ্ঠা করুক তাতে কারো আপত্তি হবে বলে মনে হয় না।” ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসের অপসারণের ১৪ মাস পর গত ১৬ মে র্অ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। ব্যাংকের অতীত পর্যালোচনা করে ভবিষ্যতের বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য চার সদস্যের এই তদন্ত কমিশনকে (কমিশন অব ইনকোয়ারি) তিন মাস সময় দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে দুই দিনের সফরে ঢাকায় এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা জানান। বাংলাদেশ সফরকালে এক অনুষ্ঠানে হিলারি বলেন, গ্রামীণ ব্যাংকে ইউনূসের পদ নিয়ে ‘বিরোধের’ বিষয়টি তিনি ওয়াশিংটন থেকে লক্ষ্য করেছেন। তিনি আশা করেন, সরকার এমন কিছু করবে না যাতে গ্রামীণ ব্যাংকের উন্নতি বাধাগ্রস্ত হয়। তার ওই বক্তব্যের সমালোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, হিলারি যাই বলুন না কেন, সরকার আগের অবস্থানেই আছে। ইউনূসকে অপসারণের পর গত এক বছরে গ্রামীণ ব্যাংকের কোথাও কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এসইউ/১৮৩১ ঘ.