২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালে দ্রুতবিচার আইনে দুই মামলা

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রামে গাড়ি ভাংচুর ও বোমা নিক্ষেপের জন্য ১১ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে দুটি মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রামে গাড়ি ভাংচুর ও বোমা নিক্ষেপের জন্য ১১ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে দুটি মামলা করেছে পুলিশ। চান্দগাঁও ও পাঁচলাইশ থানা পুলিশ বাদি হয়ে বুধবার রাতে মামলা দুটি দায়ের করে। দুই মামলার আসামিরা সবাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী। গত ২৮ মে জামায়াতের সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর প্রতিবাদে ৩০ মে চট্টগ্রামে অর্ধদিবস হরতাল ডাকে জামায়াত। হরতালের দিন পিকেটিংয়ের সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ দুটি পেট্রোল বোমাসহ ২১ শিবিরকর্মীকে আটক করে। চান্দগাঁও থানার মামলাটিতে আটজনকে আসামি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারেফ। মামলাটি করেছেন এসআই রুহুল আমিন। আসামিদের আটজনই গ্রেপ্তার রয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা মোশারেফ। পেট্রোল বোমা নিক্ষেপে তিনজনকে আসামি করে মামলা হয়েছে পাঁচলাইশ থানায়। ওই থানার এএসআই ইয়াসমিন আক্তার জানিয়েছেন, এসআই আব্দুল আলীম বাদি হয়ে মামলাটি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৮২৪ ঘ.