ব্রাহ্মণবাড়িয়া, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাটির নিচ থেকে অবিরাম বের হতে থাকা গ্যাসকে পুঁজি করে ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে ওঠা অর্ধশতাধিক কারখানা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির কারিগরি দলকে সঙ্গে নিয়ে স্থানীয় প্রশাসন এসব কারখানা উচ্ছেদ করে।
২০১১ সালের ৮ ডিসেম্বর এখানকার কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় উচ্চ আদালত।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাকাইল, শ্যামপুর গ্রামসহ এর আশপাশের তিতাস নদী ও বিল এলাকায় ২০০৬ সালের দিকে মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করলে স্থানীয়রা চুন, চুড়ি, মার্বেলে মতো অসংখ্য কারখানা গড়ে তুলে, যেখানে জ্বালানি হিসেবে এসব গ্যাস ব্যবহার হতো।
অভিযানের নেতৃত্ব দেওয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমা বলেন, “আমাদের সঙ্গে কারিগরি দল ছিল। তারা বুঝে শুনেই সংযোগ বিচ্ছিন্ন করেছে।”
সদর থানার ওসি আবদুর রব জানান, ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে এই কারখানাগুলো চলছিল। উচ্চ আদালতের নির্দেশে অবৈধ এই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে স্থানীয়রা বলছেন, কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়বে। এতে সংকট আরো বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮২৯ ঘ.
bdnews24